• ভোটের আগে গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! কাঠগড়ায় বিজেপি
    প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৬
  • ভোটের আগে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। রবিবার রাতে এই খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গোসাবায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব।

    জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দিব্যেন্দু গায়েন। তাঁর বাড়ি গোসাবার শম্ভুনগর এলাকায়। রবিবার রাতে কাজ সেরে বছর ৩৫-এর দিব্যেন্দু বাড়িতে ফিরছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপরই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, দিব্যেন্দুর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিব্যেন্দুর পিঠে গুলি লেগেছে।

    ভোটের আবহে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির বিরুদ্ধে দিব্যেন্দুকে খুনের চেষ্টার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের অভিযোগ, ভয়ের আবহ তৈরি করতেই দলের কর্মীকে খুনের চেষ্টা করেছে বিজেপি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও ব্যক্তিগত কারণে ঘটনাটি ঘটেছে কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)