• 'ভবিষ্যদ্বাণী করি না, তবে আমরা জিতব’, পুরুলিয়া থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর
    এই সময় | ২০ এপ্রিল ২০২৬
  • এই সময়: বাংলায় বিজেপির ‘চাপা–হাওয়া’ টের পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, যাঁর সঙ্গেই কথা হচ্ছে, তিনিই বাংলায় সরকার বদলের ভবিষ্যদ্বাণী করছেন। সে সব দেখেশুনে এবং নিজের দীর্ঘ সংসদীয় রাজনৈতিক অভিজ্ঞতা জুড়ে নমো নিশ্চিত যে, ৪ মে–র পরে বিপুল আসনে জিতে এ রাজ্যে সরকার গড়তে চলেছে বিজেপি। রবিবার পুরুলিয়ার জনসভা থেকে এ কথা জানিয়েছেন তিনি।

    ২০২১–এর বিধানসভা ভোটের প্রচারে এসে অমিত শাহ ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘অব কি বার দোসো পার’। সেই ভবিষ্যদ্বাণী মেলেনি। ৭৭–এ আটকে গিয়েছিল গেরুয়া ব্রিগেড। এ বার নতুন রণকৌশল নিয়ে বাংলার ভোটযুদ্ধে নেমেছে তারা। যেখানে বাহ্যিক আড়ম্বর কম, নিচুতলায় সাংগঠনিক তৎপরতা বেশি। শাহও আর দু’শো পেরোনোর কথা বলেননি, শুধু বিজেপির সরকার গড়ায় জোর দিয়েছেন। বস্তুত, পদ্ম–শিবিরের সর্বস্তরের নেতা–কর্মীরাই গত একমাসে খুব প্রত্যয়ী হয়ে বলছেন, ‘বিজেপি আসছেই।’ দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সব সভাতেই জানাচ্ছেন — তৃণমূল চলে যাচ্ছে। বিজেপি অাসছে। এ নিয়ে আর কোনও সংশয় নেই।

    রবিবার পুরুলিয়ায় মোদীর গলাতেও একই রকম আত্মবিশ্বাস শোনা গিয়েছে। নিজের চেনা ভঙ্গিতে বদল এনে এ দিন তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফল নিয়ে সাধারণত আমি ভবিষ্যদ্বাণী করি না। বহু বছর ধরে ভোট লড়ছি, কিন্তু ভোটের রেজ়াল্ট কী হবে, কখনও সেটা আগাম বলি না। এটা আমার পছন্দ না। তবে এ বার পরিস্থিতি অন্য রকম।’ ‘পরিস্থিতি’ ব্যাখ্যা করে প্রধা‍নমন্ত্রীর সংযোজন, ‘যার সঙ্গে দেখা হচ্ছে, সে–ই বলছে, এ বার বাংলায় বিজেপির সরকার হচ্ছে। সমাজের সর্বস্তরের মানুষের মুখে একটাই কথা— বাংলায় বিজেপি আসছেই। সব দেখেশুনে এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, বিজেপি বাংলায় বিপুল আস‍ন নিয়ে সরকার তৈরি করতে চলেছে। এটা আমার দৃঢ় বিশ্বাস।’

    মোদীর এই উপলব্ধির সঙ্গে মিলে যাচ্ছে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিজ্ঞতা। বাং‍লার বিভিন্ন জেলায় ঘুরে কর্মীদের পরামর্শ দিচ্ছেন তিনি। যার ভিত্তিতে নিশিকান্তের উপলব্ধি, ‘গতবারের মতো এ বার বিজেপিতে তামঝাম নেই। কিন্তু গ্রাউন্ড লেভেলে ক্ষেত্র প্রস্তুত। আমি কর্মীদের মন পড়েছি, বাংলার সাধারণ মানুষের নাড়ি টিপেছি— দু’শোর বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে।’

    মোদী আবার এতটাই আত্মবিশ্বাসী যে, এ দিন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের সভা থেকে তিনি আরও একটি ভবিষ্যদ্বাণী করেন। তাঁর বক্তব্য, ‘বহু বছর ভোটে লড়ার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, বাংলার কিছু জেলায় এ বার তৃণমূলের একজন বিধায়কও থাকবেন না।’ কার্যত এ রকমই আত্মবিশ্বাসের সুরে শনিবার কলকাতা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছিলেন, ‘উত্তরবঙ্গে একটি আসনও জুটবে না তৃণমূলের। ওরা খাতা খুলবে ফরাক্কার এ পার থেকে।’

  • Link to this news (এই সময়)