• ‘আমাকে খুন করতে চান?’ ইডি রেডে তোপ মমতার
    এই সময় | ২০ এপ্রিল ২০২৬
  • এই সময়: কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির তল্লাশি আদতে তাঁকে খুনের চক্রান্ত কি না — সে প্রশ্ন তুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

    রবিবার সকালে শান্তনুর বাড়িতে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। ভোটের মুখে ইডির এই অভিযানে ক্ষুব্ধ তৃণমূলনেত্রী হুগলির তারকেশ্বরের সভায় বলেন, ‘যে আমার সিকিউরিটি দেখে, তার বাড়িতেও সকাল থেকে রেড করছে। আমাকে খুন করতে চান? হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেক বার খুন করার চেষ্টা হয়েছে। সেই সিপিএম এখন আপনাদের দোসর হয়ে গেছে। পচা সিপিএমগুলো সব আপনাদের ওখানে গিয়ে জুটেছে।’

    শান্তনু ইডি–তল্লাশির মুখে পড়লেও এ ভাবে বিজেপি তাঁর মাথা নোয়াতে পারবে না বলে স্পষ্ট করে দিয়েছেন মমতা। তারকেশ্বরের পরে পূর্ব বর্ধমানের কালনার সভাতেও মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি, তুমি আমার সিকিউরিটিকে ইডি দিয়ে তল্লাশি করাচ্ছ! আমাকে খুন করার চেষ্টা করছ? ক্ষমতা থাকলে বলো, কখন, কোথায় করবে? আমি একা দাঁড়িয়ে থাকব। তৃণমূলের কেউ থাকবে না। বন্দুক আমার বুকে চালিয়ে দাও। আমি বুক পেতে নেব। কিন্তু মাথা নত করব না। এটা মাথায় রেখে দিও।’

    ইডি–অভিযানের পিছনে বিজেপির হাত রয়েছে বলে মমতার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। পদ্ম–ব্রিগেডের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কথায়, ‘উনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মানুষ ওঁর এ সব কথা শুনতে শুনতে ক্লান্ত।’

    আবার, সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত অফিসারকে তল্লাশির মুখে ফেলে তাঁকে ‘খুনের চক্রান্তে’ মমতা রাম–বাম আঁতাতের অভিযোগ তোলায় পাল্টা সুর চড়িয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ড‍লীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘উনি বলছেন পচা সিপিএমের বুদ্ধিতে বিজেপি চলছে! বিজেপিও বলছে পচা সিপিএমের বুদ্ধিতে চলছে তৃণমূল। তৃণমূল এবং বিজেপি— দু’পক্ষ এখন সর্বত্র সিপিএম দেখতে পাচ্ছে। যে সিপিএম অপ্রাসঙ্গিক, সেই সিপিএমকে নিয়ে ওদের কথা বলতে হচ্ছে কেন?’

    তবে তৃণমূল নেতৃত্বের পর্যবেক্ষণ, গত ক’সপ্তাহ ধরে ইডি–ইনকাম ট্যাক্স–এনআইএর সক্রিয়তা একই সূত্রে গাঁথা। ভোটের মুখে গেরুয়া শিবিরকে অক্সিজেন জোগানোর চেষ্টা। জোড়াফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার নন্দীগ্রামের সভায় এ প্রসঙ্গে বলেন, ‘ইডি, সিবিআই লাগিয়ে রোজ একটা করে রেড হচ্ছে, তা–ও বিজেপি বাংলা জিততে পারবে না। একদিকে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সঙ্গে বাংলার ১০ কোটি জনতা, অন্যদিকে রয়েছে বিজেপি।’

    ভোটের ঠিক আগে তৃণমূলের নেতা ও তাঁদের পরিচিতদের তল্লাশির নামে কেন্দ্রীয় এজেন্সির যে অফিসাররা ‘হেনস্থা’ করছেন, তাঁদের বিরুদ্ধে আগামী দিনে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা। তারকেশ্বরের সভায় তৃণমূলনেত্রী বলেন, ‘আমার যে ইনকাম ট্যাক্স (ফাইল) করে, তাঁর বাড়িতে ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমারকে ১৬ ঘণ্টা আটকে রেখেছিল। তাঁকে প্রচার করতে দেয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই। সব রেকর্ড করে রাখছি।’ ভোটের পরে এই অফিসারদের মিষ্টি খাওয়ানো হবে বলেও কটাক্ষ করেছেন তিনি। এঁরা যেখানে থাকেন, সেখানেই মিষ্টি পাঠিয়ে দেওয়া হবে বলে মমতার বক্তব্য।

  • Link to this news (এই সময়)