চেন্নাই: তামিলনাড়ুর ভিরুধুনগর জেলার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৩ জন। এছাড়া, আরও ৬ জন গুরুতর জখম। বিস্ফোরণের শব্দ পেয়েই স্থানীয়রা আসেন। খবর যায় দমকলেও। আধিকারিকরা ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ শুরু করেন। জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে। বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ক্ষতিগ্রস্তদের সমস্ত রকমভাবে সাহায্য করতে নির্দেশ দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় স্ট্যালিন লিখেছেন, মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। দুই মন্ত্রীকে ওই গ্রামে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বাজি তৈরির অন্যতম হাব হল এই ভিরুধুনগর। বিগত কয়েক বছরে বেশ কয়েকবার এখানকার কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।