• গ্যাস সংকটে নাজেহাল, ঘরে ফিরতে পরিযায়ী শ্রমিকদের ভিড়, সুরাত স্টেশনে লাঠিচার্জ পুলিশের
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • সুরাত: পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে এলপিজি নিয়ে সঙ্কট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। বাণিজ্যিক গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় ধাক্কা লেগেছে শিল্পক্ষেত্রে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক। কাজ হারিয়ে নিজেদের রাজ্যে ফিরছেন তাঁরা। সেইসঙ্গে রান্নার গ্যাসের চড়া দাম ও জোগানে সমস্যার জেরে পেট চালানোই দুষ্কর হয়ে উঠেছে বহু শ্রমিকের। এই পরিস্থিতিতে রবিবার সুরাতের উধানা স্টেশনে ভিড় করেন উত্তরপ্রদেশ ও বিহারের এমনই কয়েক হাজার পরিযায়ী শ্রমিক। লক্ষ্য, যেভাবেই হোক বাড়ি ফিরতে হবে। এর জেরে ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে রেল পুলিশ। সেই সময়ের বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছি। প্রাণে বাঁচতে অনেকেই আর্তনাদ করছেন। রেলিংও টপাকানোর চেষ্টা করছেন কেউ কেউ।

    প্রশাসন সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ স্টেশনে বিহারগামী হাসানপুর ট্রেন পৌঁছয়। তাতে ওঠার জন্য দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। কিন্তু, বেশ কয়েকজন লাইন ভেঙে এগিয়ে আসার চেষ্টা করেন। তাতেই বিপত্তি তৈরি হয়। মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ ও আরপিএফ আধিকারিকরা। 

    রেলের এক আধিকারিক অনুভব সাক্সেনা জানিয়েছেন, সকাল থেকে উত্তরপ্রদেশ ও বিহারগামী ছ’টি ট্রেন গিয়েছে উধানা হয়ে। তাতে ২১ হাজারের বেশি যাত্রী উঠেছেন। এতটা ভিড় নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। বারবার ঘোষণা করে সত্ত্বেও সমস্যা তৈরি হচ্ছিল। বাধ্য হয়েই লাঠিচার্জ করতে হয়।   

    প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যে গরমের ছুটি পড়ে গিয়েছে। সেকারণে প্রতিবছরই এই সময় স্টেশনে ভিড় থাকে। তার সঙ্গে হাজার হাজার পরিযায়ী শ্রমিক যুক্ত হয়ে যাওয়ায় পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়েছে। তথ্য বলছে, এলপিজি সঙ্কটের কারণে জোর ধাক্কা খেয়েছে সুরাতের টেক্সটাইল শিল্প। প্রায় ৩ লক্ষ কর্মী কাজ হারিয়েছেন। শতাংশের হিসাবে তা প্রায় ৩০ শতাংশ। গ্যাস পরিষেবা স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।    
  • Link to this news (বর্তমান)