ভুয়ো পরিচয়ে ভারত থেকে চম্পট, লস্করের ‘খরগোশ’ এখন সৌদিতে
বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
নয়াদিল্লি: কুখ্যাত জঙ্গি তথা লস্করের অপারেটিভ উমর এখন সম্ভবত সৌদি আরবে। এমনই দাবি শ্রীনগর পুলিশের। ভুয়ো পরিচয় ব্যবহার করে ভারত থেকে পালিয়েছিল সে। ‘খরগোশ’ হিসাবে পরিচিত লস্করের এই অপারেটিভ ভারতে নাশকতা ছড়াতে আসা জঙ্গিদের সাহায্য করত। জাল পাসপোর্ট থেকে ভুয়ো প্যান কিংবা আধার কার্ড তৈরিতে সিদ্ধহস্ত ছিল এই উমর।
প্রথমিকভাবে করাচির বাসিন্দা মনে হলেও, এখন জানা যাচ্ছে উমর পাকিস্তানের খাইবার প্রদেশের বাসিন্দা। করাচিতে তার বিরুদ্ধে একাধিক মামলা ঝুলে থাকায় সে লস্করে যোগ দেয়। ২০১২ সালে তাকে বিশেষ কাজের জন্য কাশ্মীরে পাঠানো হয়। দ্রুত জায়গা বদলে নিরাপত্তা বলয় এড়াতে পারার জন্যই তার নাম হয় ‘খরগোশ’। তদন্তে ও ধৃতদের জেরায় জানা যায়, উত্তর দিক দিয়ে কাশ্মীর উপত্যকায় ঢুকে সে বান্দিপোরা ও শ্রীনগরের নানা জায়গায় ছিল। এমনকি জয়পুরে নিজের নাম বদলে লস্করের এক কর্মীর মেয়েকে বিয়েও করে সে। পুলিশের অনুমান, বিয়ের নথিই ভারতীয় পাসপোর্টের আবেদনে সহায়ক হিসেবে ব্যবহার করে উমর। যদিও নিজের নতুন নাম হিসাবে সে ব্যবহার করত সাজ্জাদ। কীভাবে পুলিশ ভেরিফিকেশন সত্ত্বেও রাজস্থানে পাসপোর্ট ইস্যু হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তে জানা গিয়েছে, প্রথমে ইন্দোনেশিয়া পালিয়ে যায় উমর। সেখান থেকে নতুন করে জাল নথি ব্যবহার করে সৌদি আরবে আশ্রয় নেয়। গত ২-৩ বছর ধরে সেখানেই রয়েছে এই খরগোশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কূটনৈতিক উপায়ে তাকে ভারতে ফেরানোর উদ্যোগ চলছে।