• ব্যাগে ভোটার লিস্ট নিয়ে বুথে বুথে প্রচারে তোরাফ
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • গোপাল সূত্রধর, বালুরঘাট: ঘাড়ে ব্যাগ, গলায় উত্তরীয়। গ্রামে গ্রামে ছুটছেন কুমারগঞ্জের তৃণমূলের প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল। ব্যাগে পানীয় জল, আর বুথভিত্তিক ভোটারের তথ্য। পাড়ায় পাড়ায় বুথে বুথে গিয়ে ব্যাগ থেকে তথ্য বের করে মিলিয়ে দেখছেন প্রার্থী নিজেই। কোথায় কত ভোটার, কোথায় কত নাম কাটা, সব তথ্য মিলিয়ে দেখছেন কুমারগঞ্জের প্রার্থী। গ্রামের মানুষকে বার্তা দিচ্ছেন-অনেক কাজ হয়েছে। বাকিটাও এবার করা হবে। রবিবার সকালে চা, মুড়ি খেয়ে বাড়ি থেকে বের হন বিদায়ী বিধায়ক। কারণ, বেলা বাড়লে রোদ চড়বে। তাই সকাল সকাল যত বাড়ি ঘোরা যায়, ততই সুবিধা। প্রতিদিনই এভাবে নির্বাচনি প্রচার সেরেছেন। তাড়াতাড়ি বাড়ি ফিরলে স্নান, খাওয়া সেরে ফের বের হচ্ছেন তিনি। কখনও আবার সারাদিন কাটছে প্রচারেই। মাসখানেক ধরে কুমারগঞ্জের ১২টি গ্রামপঞ্চায়েতের প্রতিটি বুথে এভাবেই চলেছে তোরাফের প্রচার। ভোটারদের নানা পরামর্শ এবং দাবিও শুনছেন তৃণমূল প্রার্থী। কেউ পানীয় জলের আবদার করেছেন, তো কেউ রাস্তার। অনেকে আবার নাম পড়ার বিষয়টি তৃণমূল প্রার্থীকে জানিয়েছেন। কুমারগঞ্জ বিধানসভা এলাকায় কুড়ি হাজারের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। তাঁদের মুখে আতঙ্কের কথা শুনে আশ্বাসও দিচ্ছেন তোরাফ। প্রচারে বেরিয়ে বিজেপিকে তোপ দেগে হুংকারও দিচ্ছেন। বলছেন, আমার নামও বাদ দেওয়ার চক্রান্ত হয়েছিল। আমার মতো বহু মানুষের নাম বিচারাধীন। প্রতিটি বুথে সংখ্যালঘুদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তাই সেসব মানুষদের ট্রাইবুনালে আবেদন করার পরামর্শ দিচ্ছি। দিনভর প্রচারের পর কখনও দলীয় কর্মীর বাড়িতে দুপুরের আহার করছেন প্রার্থী। গরম থেকে বাঁচতে দুপুরের খাবার থাকছে হালকা। শরীর সুস্থ রাখতে ডাবের জল পান করছেন বারবার। প্রচারের শেষ রবিবারও সারাদিন জনসংযোগ করেছেন তোরাফ। বুথে বুথে গিয়ে প্রচার প্রায় শেষ। এবার রাতের দিকে ছোট ছোট কর্মিসভার উপর জোর দিচ্ছেন। তৃণমূল প্রার্থীর বক্তব্য, সব গ্রাম পঞ্চায়েতে কিছু না কিছু কাজ করেছি। গত দশ বছরে বহু রাস্তাঘাট হয়েছে। যাত্রী প্রতীক্ষালয় থেকে সৌরবাতি-নানা ব্যবস্থা করেছি। উন্নয়নের নিরিখে মানুষ এবারও আমাকে ভোট দেবেন।   ভোটপ্রচারে তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল।- নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)