• কালিয়াচকের পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি, ফিল্ম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর প্রচার সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনার
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • সন্দীপন দত্ত, মালদহ: কালিয়াচকের পানীয় জলের সমস্যা তুলে ধরে এবং তার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে এবার ফিল্ম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিনের। সাবিনা বলেন, আমি সুজাপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা। 

    মালদহে পানীয় জলের সমস্যা কয়েক দশকের। দীর্ঘদিন ধরেই মালদহবাসী আর্সেনিক মুক্ত পরিস্রুত পানীয় জলের দাবি জানিয়ে আসছেন। বিগত বাম আমলে এনিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছার যথেষ্ট অভাব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর মালদহে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহের সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। 

    সাবিনা ইয়াসমিন বলেন, রাজ্য সরকার ৮০ শতাংশ এবং কেন্দ্রের ২০ শতাংশ মিলিয়ে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের জল জীবন মিশন প্রকল্প তৈরি হয়েছে। আমি নিজে মুখ্যমন্ত্রীর কাছ থেকে মালদহের পাঁচটি ব্লকের জন্য ১০০৬ কোটি টাকার পানীয় জলের প্রকল্প এনেছিলাম। কিন্তু কেন্দ্র তাদের ২০ শতাংশ টাকা না দেওয়ায় মাঝপথে প্রকল্পের কাজ থমকে যায়। 

    তৃণমূলের দাবি, কালিয়াচক-১, ২, ৩ ব্লক এবং মানিকচক ও ইংলিশবাজার ব্লকের বেশকিছু জায়গায় পাইপলাইনও পাতা হয়। কিন্তু কেন্দ্রের সরকার এই প্রকল্পের টাকা না দেওয়ায় ঠিকাদার সংস্থাগুলিকে টাকা দেওয়া যাচ্ছে না। যার ফলে গত ছ’মাস ধরে জল জীবন মিশন প্রকল্পের কাজ প্রায় বন্ধ।   

    রাজ্যের প্রথম দফার নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। তার আগে রবিবার পানীয় জলের সমস্যার কথা তুলে ধরে ছোট ফিল্ম তৈরি করেছেন সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের সোশ্যাল মিডিয়া সেল। ইতিমধ্যেই যা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। সাবিনা এই প্রসঙ্গে বলেন, আমার সোশ্যাল মিডিয়ার ছেলেরা এই ফিল্মটি তৈরি করেছে। ওরাই এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মডিয়া প্ল্যাটফর্মে প্রচার করছে। 
  • Link to this news (বর্তমান)