• ভোটের আগে শেষ রবিবার, প্রচারে গৌড়বঙ্গজুড়ে ঝড় তুললেন প্রার্থীরা
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মাঝখনে আর মাত্র দু’দিন। মঙ্গলবার বিকেলে প্রথম দফার ভোটের প্রচার শেষ হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই ভোটগ্রহণ। তার আগে গৌড়বঙ্গে শেষ রবিবাসরীয় প্রচার জমে উঠল। রবিবার প্রচারে এতটুকু ছাড় দেওয়া যাবে না, এই ছিল প্রত্যেক দলের প্রার্থী ও নেতা-কর্মীদের শরীরি ভাষা। তাই এদিন সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ দলের কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়েন। শেষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুলল তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস। কেউ গেলেন বাড়ি বাড়ি, কেউ ঘুরলেন হুডখোলা গাড়িতে। কারোর সমর্থনে নির্বাচনি সভা আয়োজিত হল। 

    ইংলিশবাজার কেন্দ্রের সিপিএম প্রার্থী অম্বর মিত্র এদিন বাড়ি বাড়ি প্রচারেই বেশি জোর দেন। লাল ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরে বেড়ালেন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু সীমান্তবর্তী মহদিপুর থেকে তাঁর প্রচার শুরু করেন। উলুধ্বনি দিয়ে এলাকায় তাঁকে স্বাগত জানান স্থানীয় মহিলারা। ইংলিশবাজারের বিজেপির প্রার্থী অম্লান ভাদুড়ি সকালের দিকটা শহরাঞ্চলে প্রচার সারেন। বিকেলে তিনি একাধিক সাংগঠনিক বৈঠক করেন। অন্যদিকে, এদিন প্রচারে বেরিয়ে কেক কেটে নিজের জন্মদিন পালনের মধ্যদিয়ে জনসংযোগ করন মালতীপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মৌসম নূর এদিন দিনভর ব্যস্ত ছিলেন নির্বাচনি জনসভা নিয়ে।

    এদিন রায়গঞ্জ জুড়েও বিভিন্ন দলের প্রার্থীরা ঝড় তোলেন। বিজেপির হয়ে রায়গঞ্জ শহরে রোডশো করেন সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁকে দেখতে ভিড় আছড়ে পড়ে। অন্যদিকে, কমলাবাড়ি পঞ্চায়েত এলাকায় বাইক র‍্যালি করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। হুডখোলা গাড়িতে বসে গ্রামবাসীদের উদ্দেশ্যে দিলেন রাধে রাধে স্লোগান। এদিন উল্লেখযোগ্য প্রচার হিসেবে আশা টকিজ থেকে পাবলিক বাসস্ট্যান্ড পর্যন্ত রোডশো করেন অভিনেত্রী কঙ্গনা। যাকে ঘিরে বিজেপি নেতা-কর্মী এবং শহরবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সঙ্গে ছিলেন জেলার বিজেপির নেতা সহ রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। যদিও এই প্রচারকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকার বলেন, বলিউড অভিনেত্রীকে দেখতেই অনেকে ভিড় করেছেন। এরসঙ্গে রাজনীতির খুব একটা যোগ নেই। গোয়ালপোখর, ইসলামপুর, চাকুলিয়াতেও এদিন প্রার্থীরা জোরদার প্রচার করেন। 

    এদিকে, বালুরঘাটেও জোরকদমে হল রবিবাসরীয় প্রচার। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বালুরঘাট শহরের ১৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচার সারেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোট আবেদন করেন। বিকেলে ৩ নম্বর ওয়ার্ডে একটি মিছিলে অংশ নেন অর্পিতা। ওই মিছিলে মহিলাদের ঢল নেমেছিল। এদিন বুনিয়াদপুর শহর জুড়ে হুডখোলা গাড়িতে প্রচার করেন হরিরামপুরের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তপনের বিভিন্ন এলাকায় প্রচার সারেন তৃণমূলের প্রার্থী চিন্তামণি বিহা। প্রচারে বেরিয়ে গ্রামের সাধারণ মানুষের মধ্যে রাজ্য সরকারের নানা জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরেন। অন্যদিকে, কুমারগঞ্জে নিজের বাড়ির এলাকাতেই এদিন প্রচার করেন তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল।
  • Link to this news (বর্তমান)