শেষ রবিবারে হেভিওয়েটদের প্রচারে সরগরম দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম
বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, তমলুক, মেদিনীপুর ও ঝাড়গ্রাম: প্রথম দফায় নির্বাচনের আগে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে শেষ রবিবাসরীয় প্রচারে ঝাঁপিয়ে পড়ল শাসক থেকে বিরোধী সব দল। এদিন ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেলদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন। নন্দীগ্রামে ভোট প্রচারে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষলগ্নে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ ও অভিষেকের পাল্টা চ্যালেঞ্জ নিয়ে সরগরম হয় রাজনীতি। এদিন সাংসদ তথা অভিনেতা দেব রামনগর, খেজুরি এবং তমলুকে ভোট প্রচার সারেন। এছাড়া, দেব ঘাটাল বিধানসভার ইড়পালায় তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে পথসভা করেন। অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নন্দকুমার বিধানসভার তৃণমূল প্রার্থী সুকুমার দে এবং মহিষাদল বিধানসভার তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তীর সমর্থনে প্রচারে আসেন। নন্দকুমার বিধানসভার অন্তর্গত মৈশালী গ্রামে সভা হয়। মহিষাদল বিধানসভার অন্তর্গত ব্রজলালচকে প্রার্থীকে নিয়ে রোড শো করেন হুগলির সাংসদ।
এদিন নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এছাড়া, কাঁথি উত্তর কেন্দ্রে অধীন সরদা গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রার্থী দেবাশিস ভুঁইয়ার সমর্থনে নির্বাচনি সভা হয়। সেখানে সভাধিপতি উত্তম বারিক, ছোটপর্দার অভিনেত্রী তিয়াসা রায় ছিলেন। দক্ষিণ কাঁথির তৃণমূল প্রার্থী তরুণ জানার সমর্থনে কুসুমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো হয়। সেখানে দলের নেতা আব্দুস সাত্তার, পার্থ মণ্ডলরা ছিলেন। ভগবানপুর বিধানসভার তৃণমূল প্রার্থী মানব পড়ুয়া এদিন কোটবাড়, কাজলাগড়, ভগবানপুর ও শিমুলিয়ায় সভা করেন। চণ্ডীপুর বিধানসভার বিজেপি প্রার্থী পীযষূকান্তি দাস এদিন গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার সারেন।
পশ্চিম মেদিনীপুরেও দিনভর রবিবাসরীয় প্রচারে ব্যস্ত রইলেন তৃণমূল, বিজেপি সহ অন্য দলের প্রার্থীরা। মেদিনীপুর শহরের কালগাঙ এলাকায় টোটোয় চেপে প্রচার সারেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। মেদিনীপুরের বিদ্যাসাগর হল এলাকায় প্রচার করেন বাম প্রার্থী মণিকুন্তল খামরুই। গড়বেতায় তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরা, সিপিএম প্রার্থী তপন ঘোষ প্রচার করেন। খড়্গপুর শহরে খরিদা বাজারে মাছ হাতে জনসংযোগ কর্মসূচি সারেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া মোহাড় থেকে ভেমুয়া চষে বেড়ালেন। মোহাড়ের দুবরাজপুরে ভোট প্রচারে বেরিয়ে রোগীও দেখেন। ডেবরার চন্দনপুর থেকে রাধামোহনপুর পর্যন্ত পদযাত্রায় শামিল হন তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। পিংলার তৃণমূল প্রার্থী অজিত মাইতি পলসা গোকুলপুর এলাকায় বাইক র্যালি ও বাড়ি বাড়ি প্রচার করেন।
এদিন ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভা ঘিরে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে তুমুল উদ্দীপনা ছিল। ঝাড়গ্রাম বিধানসভার সাপধরা এলাকায় তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেন দলের নেতা-কর্মীদের নিয়ে প্রচার করেন। বিনপুর বিধানসভার প্রার্থী বীরবাহা হাঁসদা বেলপাহাড়ী ও জামবনী এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন। গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাত বলেন, পাটাশিমুল রোহিনী এলাকায় এদিন প্রচার করেছি।