রুবির মহিলা শৌচালয়ে মোবাইলে ভিডিয়োগ্রাফি, ধৃত সাফাইকর্মী
বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি হাসপাতালের মহিলা শৌচালয়ের ফল্স সিলিংয়ে মোবাইল ফোন লুকিয়ে ভিডিয়ো রেকর্ডিং করা হচ্ছিল। রুবি হাসপাতালে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগের তির হাসপাতালেরই এক সাফাইকর্মীর বিরুদ্ধে। মাকে ডাক্তার দেখাতে এসে ওই সাফাইকর্মীর ‘কীর্তি’ হাতেনাতে ধরে ফেলেন মধ্যমগ্রামের এক তরুণী। হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করেন তিনি। রুবি হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওই তরুণীর তরফে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানিয়েছে, ধৃত সাফাইকর্মীর নাম সঞ্জয় জানা। গত বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। মধ্যমগ্রাম থেকে এক তরুণী তাঁর মাকে ওপিডিতে দেখাতে আসেন। ডাক্তার দেখানোর আগে ওই তরুণী হাসপাতালের শৌচালয়ে যান। সেখানে তিনি দেখতে পান, ফল্স সিলিংয়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটি কালো মোবাইল। তখনই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। কর্তৃপক্ষের তরফে মোবাইল ফোনটি নামিয়ে আনা হয়। দেখা যায়, মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং ‘অন’ রয়েছে। মোবাইলটি কার, সেটিও তখন স্পষ্ট হয়ে যায়। ভিডিয়ো রেকর্ডিং চলছিল বলে মোবাইলের ‘লক’ খোলা ছিল। গ্যালারির বিভিন্ন ছবি থেকে জানা যায়, সেটি সাফাইকর্মী সঞ্জয়ের।