মুড়িগঙ্গায় সেতু নির্মাণের সূচনাই ১০ বছরে সবচেয়ে বড়ো সাফল্য, জনসভায় সাগরের উন্নয়নের খতিয়ান দিলেন অভিষেক
বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: সাগরে এক জনসভায় এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি সাগরের কালীগিরি মন্দিরের ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে জনসভা করেন। সেখানে তিনি বলেন, গত ১০ দশ বছরে সবচেয়ে বড় সাফল্য মুড়িগঙ্গা নদীতে সেতু নির্মাণের সূচনা। আগামী দুই বছরের মধ্যে এই সেতু যান ও মানুষের ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে। এছাড়াও এই বিধানসভা কেন্দ্রের নামখানায় প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মৎস্যবন্দর তৈরি করা হচ্ছে। এতেও আগামী দিনে লক্ষ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন।
নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। অতীতে নৌকা করে এই নদী পারাপার করতে হতো। আর এখন ইলিশ বোঝাই গাড়ি সেতুর মাধ্যমে সহজেই এপার-ওপার হচ্ছে। এটাই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য। এছাড়াও বকখালি ও মৌসুনিদ্বীপের পর্যটন কেন্দ্রের সৌন্দর্যায়ন করা হয়েছে। আগের থেকে এখন এখানে পর্যটকদের ভিড় দ্বিগুণ। সাগরদ্বীপ থেকে অসুস্থ রোগীকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মুড়িগঙ্গা নদীতে ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। শুধু তাই নয়, গত ১০ বছরে গঙ্গাসাগর মেলায় একটিও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু কুম্ভমেলায় শয়ে শয়ে মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছে। যোগী আদিত্যনাথের সরকারের ব্যবস্থাপনার ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু এখানে রাজ্য সরকারের সুষ্ঠু পরিষেবার জন্য এখন বিদেশ থেকেও গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীরা আসেন। এছাড়া রুদ্রনগরে সাগর গ্রামীণ হাসপাতালের উন্নয়ন হয়েছে। এখন এখানে প্রসূতিদের সিজারের ব্যবস্থা করা হয়েছে। বকখালি থেকে কলকাতায় যাতায়াতের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা অনেক বেড়েছে। আগামী দিনে আরও বাড়ানো হবে।
অভিষেক এদিন বলেন, সাগর ও নামখানা ব্লক থেকে ৩৫ হাজার যুবক-যুবতী যুবসাথী প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে পেয়েছেন। যাঁরা এখনও টাকা পাননি, নির্বাচন বিধি কেটে গেলে তাঁরাও টাকা পাবেন। সাগর বিধানসভা কেন্দ্রে এক লক্ষ সাত হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন। আর গত দুই বছরে সাগর বিধানসভার ১৪টি গ্রাম পঞ্চায়েতের ২১ হাজার মানুষের মাথার উপর ছাদ বানিয়ে দেওয়ার হয়েছে। এবারের নির্বাচনে জয়ী হলে ঘোড়ামারার ১২০০ পরিবারকেও পুনর্বাসন দেওয়া হবে। এছাড়া গত দু’বছরে সাগর বিধানসভা এলাকায় ৭৭ কোটি টাকা খরচ করে ১২০টি নতুন গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে।