• উৎসবমুখর অভিষেকের সভা হয়ে উঠল মেলাপ্রাঙ্গণ
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • স্বপন দাস, কাকদ্বীপ: রবিবার সাগরের কালীগিরি মন্দিরের ময়দান হয়ে উঠল মেলাপ্রাঙ্গণ। আর জনসভা হয়ে উঠল উৎসবমুখর। এদিন সাগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে কালীগিরি মন্দিরের ময়দানে ছিল জনসভা। প্রধান বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রায় আড়াইটা নাগাদ সভাস্থলে আসেন। কিন্তু তার প্রায় চারঘণ্টা আগে থেকেই সভাস্থল মানুষে পরিপূর্ণ হয়ে যায়। মেলার মতোই, সভাস্থলের আশেপাশে শ’দেড়েক অস্থায়ী দোকান বসেছিল। এদিন ঘড়ির কাঁটায় ১০টা বাজতেই কালীগিরি মন্দিরের ময়দানে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে একের পর এক মিছিল আসতে থাকে। সবারই লক্ষ্য ছিল অভিষেকের বক্তব্য কাছ থেকে শোনা। কারণ সাগরদ্বীপে এই প্রথম তিনি পা রাখলেন। তাই তাঁর সভাকে ঘিরে সাগরবাসীর মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। সাগর ব্লকের পাশাপাশি এদিন নামখানা ব্লকের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ আসেন। এমনকি তাঁর ভাষণ শুনতে প্রায় আড়াই ঘণ্টা ভুটভুটিতে চেপে মৌসুনিদ্বীপ থেকেও এসেছিলেন বহুজন। প্রখর রোদ ও গরমকে উপেক্ষা করে যুবনেতার ভাষণ শোনার জন্য এদিন তাঁরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। বেশিরভাগ মানুষের মাথায় ছিল সাদা টুপি। কারণ রোদ থেকে বাঁচতে সভাস্থলে আসা প্রায় প্রত্যেকেরই হাতে দলের পক্ষ থেকে একটি করে সাদা টুপি দেওয়া হয়। এই বিষয়ে সাগর বিষ্ণুপুরের বাসিন্দা ৭৫ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবিমল কুমার গিরি বলেন, আজকের দিনে অভিষেকই হলেন যুবকদের সামনে একজন আদর্শ নেতা। অভিষেক এই প্রথম সাগরে এলেন। তাই তাঁর ভাষণ শোনার জন্য শুধু আমি নই, সাগরের অসংখ্য মানুষ এসেছেন। তাঁর জনসভা হয়ে উঠেছে একেবারে উৎসবমুখর।
  • Link to this news (বর্তমান)