ব্যঙ্গ ছড়ায় ভরেছে হুগলির দেওয়াল, প্রতিযোগিতায় এগিয়ে তৃণমূল ও বাম
বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাংলার ভোটের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে কার্টুন আর ব্যঙ্গ-ছড়া। সময়ের বদলে এখন থিম গানের প্রবেশ ঘটলেও ব্যঙ্গ ছড়া রয়ে গিয়েছে স্বমহিমায়। দেওয়ালে দেওয়ালে নানা আঙ্গিকে তা দেখা যায়। ২০২৬ সালের নির্বাচনেও হুগলিতে দেদার ব্যঙ্গ ছড়ার দেখা মিলছে। তার কিছু পুরানো, একাধিক নির্বাচনে ব্যবহারের জেরে খানিক পরিচিত। কিছু আবার নতুন, ময়দানে নিখাদ আনকোরা। এবারের ভোটে হুগলিতে দেওয়াল দখল নিয়ে প্রতিযোগিতা হলেও দেওয়াল লিখন নিয়ে আগ্রহ কম। তার জায়গা নিয়েছে ফ্লেক্স। কিন্তু তারপরও দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে ছড়া। খানিকটা ছড়াছড়ি বললেও অন্যায় হবে না।
মজা হচ্ছে, সেখানেও বাম ও তৃণমূলের দাপট বেশি। বিজেপি তুলনায় অনেক পিছিয়ে। সেসব অবশ্য বিজেপি বিশেষ মানতে চায় না। তাদের মতে প্রচারই আসল। তা কিভাবে করা হল সেটা গুরুত্বপূর্ণ নয়।
তৃণমূল এবার হুগলির ভোট ময়দানে নামিয়েছে নতুন ছড়া। ‘যতই লাফাক চুনোপুঁটি, ২৬শে আবার হাওয়াই চটি’। এটা যদি খুব সরল হয় তবে একটু ভাবগম্ভীরও আছে। অর্থাৎ খানিকটা তলিয়ে দেখার মতো। ঘাসফুল শিবির দেওয়ালজুড়ে লিখেছে, ‘মুখে শ্রীরাম-হৃদয়ে নাথুরাম/হাতে তিরঙ্গা, মগজে দাঙ্গা/এটাই বিজেপির সংজ্ঞা।’ বিজেপির যাবতীয় ভাঁওতাকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব আকচার জুমলা বলে থাকে। বোধহয় সেই শব্দবন্ধ বিজেপি’র গায়ে স্টিকারের মতো বসেও গিয়েছে। কারণ হুগলির এক গ্রামে বামেরা দেওয়ালে লিখেছে, ‘ভাঁওতায় ভুলব না, ভুলব না জুমলায়/বামের পথে যৌবন, নয়া বাংলায়’। বামেরা পুরানো এক ছড়াকে নতুন করে এবার ভোট মরশুমে ছড়িয়েছে। বাঁশবেড়িয়ার দেওয়ালে লেখা হয়েছে, ‘ঘাসফুল আর পদ্মফুল, আবার ভাবলে এপ্রিল ফুল’। আগে দেখা গিয়েছিল, ‘ঘাসফুল আর পদ্মফুল, পৃথক ভাবলে এপ্রিল ফুল’। তবে ছড়া কাটতে গিয়ে কিছুটা তালছাড়া হয়ে যাওয়ার উদাহারণও হাতের কাছে পাওয়া যাচ্ছে। যা নিয়ে মস্করাও কম হচ্ছে না। চুঁচুড়ার এক জায়গায় বিজেপি দেওয়ালে লিখেছে, ‘তোমার ব্যাঙ্কে ১৫০০ দিয়ে ওদের অ্যাকাউন্টে কোটি/আর কতদিন ভরত সেজে মাথায় বইবে হাওয়াই চটি’। রামায়ণের অনুসঙ্গ টেনে ওই ছড়া কাটা হয়েছে। কিন্তু লক্ষ্যণীয় বিষয়, নাগরিকদের ভরত আর তৃণমূলীদের রাম বানিয়ে দেওয়া হয়েছে। নিজেদের রামকে এভাবে তৃণমূলের হাতে ছেড়ে দেওয়ায় বিজেপিকে নিয়ে চর্চা চলছে বিস্তর।
কিন্তু সব কথার শেষে আছে যেটা তা হল, ভোট মরশুমে ছড়া। সময় এগিয়েছে। নেটপাড়ায় ডিজিটাল দেওয়াল গড়ে উঠেছে। কিন্তু মুছে যেতে যেতেও দেওয়ালজুড়ে রয়ে গিয়েছে ছড়া। হুগলির এবারের নির্বাচন সেটাই আবারও দেখাচ্ছে।