কাঠফাটা রোদ উপেক্ষা করে হাওড়া শহর ও গ্রামীণে জোরদার ভোটপ্রচার
বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: রবিবার কাঠফাটা গরমকে উপেক্ষা করে হাওড়া শহর থেকে গ্রামীণ এলাকা— সব জায়গাতেই জোরকদমে প্রচার করলেন বিভিন্ন দলের প্রার্থীরা। কেউ সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে জনসংযোগ বাড়িয়েছেন, কেউ কর্মিসভা করেছেন, আবার কোথাও দেখা গিয়েছে ব্যতিক্রমী প্রচারের ছবি।
উত্তর হাওড়ার ১০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী। মধ্য হাওড়ায় লাগাতার নির্বাচনি সভার মাধ্যমে ১৯, ২৬, ৩৩, ৩৪ ও ৩৭ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী অরূপ রায়। অন্যদিকে, শিবপুরে দিনভর পথসভা ও ঘরে ঘরে প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়। ৮, ৪৩ ও ৪৯ নম্বর ওয়ার্ডে জনসংযোগের পর সন্ধ্যায় ৯, ২১, ৪৮ ও ৫০ নম্বর ওয়ার্ডে পথসভা করেন তিনি। এই কেন্দ্রেই বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এদিন মাছবাজারে স্টান্টবাজিতে নজর কাড়েন। সকালে ৫০ নম্বর ওয়ার্ডের কোনা বাজারে গিয়ে মাছ কাটায় অংশ নেন তিনি। রীতিমতো মাছ বিক্রেতা সেজে মৎস্যজীবীদের উন্নয়নে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। যদিও বাজারের কিছু ব্যবসায়ী কটাক্ষ করে বলেন, ‘নিজেদের মৎস্যপ্রেমী প্রমাণ করতেই এখন বিজেপিকে মাছের বাজারে নামতে হচ্ছে।’ বালি কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র লিলুয়ার গুরুদ্বারে গিয়ে লঙ্গর ভোজনে অংশ নেন এবং মৈথিলী সমাজের এক অনুষ্ঠানে যোগ দেন। একই কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংকেও বিভিন্ন জনসংযোগ কর্মসূচি ও সামাজিক অনুষ্ঠানে দেখা যায়। পাশাপাশি সাঁকরাইল, ডোমজুড় ও জগৎবল্লভপুরে তৃণমূল প্রার্থী প্রিয়া পাল, তাপস মাইতি ও সুবীর চট্টোপাধ্যায় জোরকদমে প্রচার চালান। অন্যদিকে হাওড়া গ্রামীণেও রবিবার প্রচারে ঝাঁঝ বাড়িয়েছেন প্রার্থীরা। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন। পাশাপাশি আইএসএফ প্রার্থী নাসির খান ও বিজেপি প্রার্থী রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান। আমতা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুকান্ত পালের সমর্থনে ঝিখিরা বাসস্ট্যান্ড থেকে জয়পুর মোড় পর্যন্ত রোড শো করেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার ও অভিনেতা ইন্দ্রজিৎ বসু, যেখানে জনসমাগম চোখে পড়ার মতো ছিল। শ্যামপুরে তৃণমূল প্রার্থী নদেবাসী জানা ও বিজেপি প্রার্থী হিরন্ময় (হিরণ) চট্টোপাধ্যায় বাড়ি বাড়ি প্রচার করেন। বাগনানে তৃণমূল প্রার্থী অরুণাভ সেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালান। উলুবেড়িয়া উত্তরে তৃণমূল প্রার্থী বিমল দাস এবং পাঁচলায় বিজেপি প্রার্থী রঞ্জন পালও এদিন জোরকদমে প্রচার করেন।