হুগলিতে বিমান বসু, থলে হাতে বাজারে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রচারের জন্য মিলবে আর একটা রবিবার। তাই হুগলিতে ১৯ এপ্রিলের রবিবারকে আপাদমস্তক প্রচারের কাজে ব্যবহার করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সবুজ, লাল, গেরুয়া— সব শিবিরেই তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বামেদের তরফে এদিনের প্রচারে তারকা ছিলেন প্রবীণ নেতা বিমান বসু। অন্যদিকে, চুঁচুড়া শহরে থলে হাতে বাজার করে প্রচার সেরেছেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য। বিজেপি প্রার্থীরাও কোথাও রোড শো, কোথাও রঙিন প্রচারে মেতেছিলেন। উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল রবিবার। তার পরের দিনই সন্ধ্যার পর প্রচার বন্ধ।
চণ্ডীতলা থেকে চুঁচুড়া, রবিবারের প্রচারে বামেদের হাতিয়ার ছিল কোথাও মিছিল, কোথাও মহামিছিল। আবার কোথাও প্রবীণ বিমান বসুকে সামনে রেখে রোড শো করেন প্রার্থীরা। চণ্ডীতলায় এদিন হুডখোলা জিপে করে প্রচার করেন বিমানবাবু। সেখানে প্রার্থী আসিফ আলিকে সঙ্গে নিয়ে তিনি প্রচার সারেন। জমাটি মিছিলের সঙ্গে ছিল লাল বেলুনের বাহারি সাজ। বিমানবাবু বলেন, বামেদের দিকে হাওয়া ঘুরছে। মানুষ জোট বাঁধছে। উত্তরপাড়ায় মহামিছিলেন ডাক দিয়েছিলেন দলের রাজ্যনেত্রী তথা প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। সাজানো গোছানো বাইক নিয়ে এদিন উত্তরপাড়া কলেজ থেকে ভদ্রকালী পর্যন্ত মিছিল হয়েছে। রাতে একাধিক পথসভাতেও বাড়তি মেজাজ এনেছেন মীনাক্ষী। চুঁচুড়াতেও এদিন ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহার সমর্থন বড়ো মিছিল হয়। ঢাকের বাদ্যি সহ মিছিলে সিপিএমের প্রথম সারির নেতাদের হাঁটতে দেখা গিয়েছে। চন্দননগরে মণীশ পান্ডা, চাঁপদানিতে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়রাও মিছিল করে রবিবার প্রচার করেছেন।
এদিন ভিন্নধারার প্রচারে নজর কেড়েছেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। রবিবার সাতসকালে প্রার্থী হাজির হয়েছিলেন চুঁচুড়ার চকবাজারে। হাতে ছিল মলিন থলে। দোকানের পরে দোকান ঘুরে তিনি বাজার সারেন। গন্ধরাজ লেবু, মাছের ডিম, ধনেপাতা, কিছু সবজি ও বড়ি নেওয়ার সঙ্গেসঙ্গেই সমানতালে সেরেছেন জনসংযোগ। শুনিয়েছেন বড়া আর বড়ির গল্পও। তৃণমূল প্রার্থী থলে হাতে এসেছেন শুনে এদিন বাজারে বেশ ভিড় জমেছিল। দেবাংশু বলেন, চুঁচুড়াতেই থাকতে হবে। তাই রবিবার করে বাজার করার পুরানো অভ্যাসটা ঝালিয়ে নিলাম। এই বাজার ঐতিহ্যবাহী। আগামী দিনেও এখানেই বাজার করব। চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন, সপ্তগ্রামের বিদেশ বসুও এদিন জোরকদমে জনসংযোগ করেছেন। বিদেশবাবু বলেন, রবিবার বাঙালির বাড়িতে একটি বৈঠকি মেজাজ থাকে। তাই রবিবারের প্রচার সব সময়েই পৃথক হয়।
সপ্তগ্রামের আকনা সহ বড়ো এলাকাজুড়ে এদিন রাতে প্রচার করেছেন বিজেপির স্বরাজ ঘোষ। রবিবারের প্রচারে ছোটো সভা আর মিছিল করেন পদ্মপার্টির বলাগড়ের প্রার্থী সুমনা সরকার। সব মিলিয়ে এই রবিবারের প্রচার ছিল নজরকাড়া। নিজস্ব চিত্র