• সোশ্যাল মিডিয়ায় সম্মানহানি, দলীয় কর্মীর বিরুদ্ধে থানায় পদ্মনেত্রী
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দলীয় কর্মীর কাছেই অসম্মানিত বিজেপি নেত্রী! সোশ্যাল মিডিয়ায় নেত্রীর নামে মিথ্যা অভিযোগ তুলে সম্মানহানির অভিযোগ উঠেছে পুরশুড়ার এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ওই কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার পুরশুড়া থানার দ্বারস্থ হয়েছেন ওই বিজেপি নেত্রী। পাশাপাশি ঘটনার কথা জানিয়েছেন দলের কাছে। দল ও প্রশাসনের কাছে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন নেত্রী। গেরুয়া শিবিরের ওই নেত্রীর অভিযোগ, পুরশুড়ার শ্যামপুরের এক বিজেপি কর্মী সোশ্যাল মিডিয়ায় কটু মন্তব্য করেছেন। তার জেরে তাঁর সম্ভ্রম হানিও হয়েছে। ভোট আবহে এই ঘটনায় বিজেপির অন্দরে শোরগোল পড়েছে। এনিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। 

    তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, বিজেপি নেতারা মুখে নারী সুরক্ষার কথা বলেন। বড়াই করে প্রচার করেন নানা প্রকল্পের কথা। কিন্তু, বাস্তবের ছবি অন্য। তাদের দলের অন্দরেই মহিলাদের সম্মান নেই। পুলিশ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। 

    পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ বলেন, ওই নেত্রী আমাকে বিষয়টি জানিয়েছেন। তাঁকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। মহিলা সুরক্ষা নিয়ে তৃণমূলের জ্ঞান শুনব না। বিজেপিতে শৃঙ্খলাভঙ্গকারীদের প্রশ্রয় দেওয়া হয় না। 

    ওই মহিলা নেত্রী এদিন পুরশুড়া থানায় অভিযোগ দায়ের করার পর বলেন, শ্যামপুরের ওই বিজেপি কর্মী ফেসবুকে আমার নামে কটূক্তি করেছে। এলাকাতেও মিথ্যা কথা রটাচ্ছে। তার জেরে মুখ দেখাতে পারছি না। আমি চাই ওই যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। দলকেও বিষয়টি জানিয়েছি। যাতে পার্টির আন্দরে মহিলা সুরক্ষা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আমরা পার্টিতে এসেছি মানুষের কাজ করতে। কিন্তু, এভাবে কোনো মহিলার নামে অযথা কটূক্তি কেন করা হবে। 

    পুলিশ জানিয়েছে, ওই নেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে এব্যাপারে যোগাযোগ করা হবে।
  • Link to this news (বর্তমান)