বিভেদ ভুলে অশোকনগরের প্রাক্তন বিধায়কের বাড়িতে তৃণমূল প্রার্থী নারায়াণ
বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ক’দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়ায় জনসভার মঞ্চ থেকে নির্বাচনের কাজে প্রাক্তন বিধায়ক ধীমান রায়কে ডেকে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীকে। নেত্রীর নির্দেশের পর চোরাস্রোত অনেকটাই কমেছে। ভোটের প্রচার চলাকালীন মাতৃ বিয়োগের খবর শুনে প্রাক্তন বিধায়ক ধীমান রায়ের বাড়িতে গিয়ে দেখা করেন নারায়ণ। তাঁকে সমবেদনা জানান। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। জানা গিয়েছে, গত শুক্রবার রাতে অশোকনগরের প্রাক্তন বিধায়ক ধীমান রায়ের মায়ের মৃত্যু হয় বয়সজনিত কারণে। রবিবার অশোকনগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে র্যালি করছিলেন তৃণমূলের প্রার্থী নারায়ণ গোস্বামী। সেই সময় খবর পেয়েই প্রচার কাটছাঁট করে নারায়ণবাবু যান ধীমান রায়ের বাড়িতে। এই প্রসঙ্গে নারায়ণবাবু বলেন, ২০২১ সালে নির্বাচনের আগেও আমি ধীমানদার বাড়িতে এসেছিলাম। মাসিমাকে প্রণাম করে আশীর্বাদ নিয়েছিলাম। এবার তিনি নেই। মনটা ভারাক্রান্ত। ধীমান রায় বলেন, মাতৃ বিয়োগের খবর পেয়ে নারায়ণ আসে। কথা হয়েছে কিছুক্ষণ।
উল্লেখ্য, অশোকনগরে তৃণমূলের রাজনীতিতে একটা চোরাস্রোত রয়েছে। অশোকনগরের প্রাক্তন ও বিদায়ী বিধায়ক এবং তাঁদের ঘনিষ্ঠদের মধ্যেই তা আবর্তিত হয়, সেটা অবশ্য কারওরই অজানা নয়।