• পোস্টাল ব্যালটে ভোট দিতে না পারায় উলুবেড়িয়ায় পথ অবরোধ ভোটকর্মীদের, অব্যবস্থার অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায়ও
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, উলুবেড়িয়া: পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে রাজ্যজুড়ে। এই ভোটদান প্রক্রিয়া নিয়েই অব্যবস্থা সহ নানা অভিযোগ উঠল রাজ্যের একাধিক জায়গায়। হাওড়ার উলুবেড়িয়া এবং দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, ফলতা সহ কয়েকটি জায়গায় অব্যবস্থার অভিযোগ উঠল। ভোট দিতে না পারায় উলুবেড়িয়ায় রাস্তা অবরোধ করেন ভোটকর্মীরাই। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষোভে শামিল হন ভোটদাতারা। পরে দু’জায়গাতেই অবশ্য  প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

    ভোটের প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে না পারায় উলুবেড়িয়ায় ও টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। রবিবার বিকালে উলুবেড়িয়া কলেজের সামনে এই ঘটনা ঘটে। এদিন দুপুরে উলুবেড়িয়া কলেজে আমতা বিধানসভার ভোটকর্মীদের প্রশিক্ষণ ছিল। একই সঙ্গে তাঁদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কথাও ছিল। অভিযোগ, প্রশিক্ষণ শেষে ভোট দেওয়ার জন্য ভোটকর্মীরা খোঁজখবর নিলে জানতে পারেন, পোস্টাল ব্যালটই আসেনি। এরপরই ক্ষুব্ধ ভোটকর্মীরা উলুবেড়িয়া কলেজের সামনে রাস্তার উপর বসে পড়েন। পরে উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়। হুগলির মধুসুদনপুরের বাসিন্দা তথা ভোটকর্মী মিলন মাজি বলেন, ‘আমাদের তৃতীয় দিনের প্রশিক্ষণ ছিল। সেই সঙ্গে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কথাও ছিল এদিন। নাম আসলেও ব্যালট না আসায় অনেকেই ভোট দিতে পারেননি।’

    পোস্টাল ব্যালটে ভোটদান নিয়ে চরম অব্যবস্থার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার পর কোথাও ভোট দিতে পেরেছেন সরকারি কর্মীরা। কোনো কোনো জায়গায় আবার এক সময় ডেকে ভোট শুরু হয়েছে আরেক সময়ে। ফলে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। বাসন্তী, ফলতা, ডায়মন্ডহারবার, কুলপি সহ একাধিক ভেন্যুতে ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা। জানা গিয়েছে, কোনো কোনো ট্রেনিং সেন্টারে ১০-১৫টি বিধানসভার ভোটকর্মীদের ভোট নেওয়া হয়েছে একটি ছোটো ঘরে। প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি অনেকে। তাঁদের বক্তব্য, এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। জয়নগর, মগরাহাট পূর্বের বহু ভোটকর্মী ১২-এ ফর্ম পূরণ করলেও তাঁদের কলকাতায় যে ডিসিআরসিতে ভোট দিতে যেতে হয়েছে, সেখানে তাঁদের নামে পোস্টাল ব্যালটই আসেনি। এনিয়ে ক্ষোভ উগরে দিলে তাঁদের আবারও এই ফর্ম পূরণ করতে বলা হয়। বলা হয়, নতুন করে ভোটদানের দিনক্ষণ জানানো হবে।
  • Link to this news (বর্তমান)