সংবাদদাতা, উলুবেড়িয়া: ভোট প্রচারে বেরিয়ে হাতজোড় করে প্রার্থী ভোট চাইবেন, এটাই স্বাভাবিক। তবে ভোটের প্রচারে বেরিয়ে প্রার্থী যে বাঁশের ভাড়ায় উঠে বাড়ির দেওয়াল রং করতে লেগে যাবেন, এটা কেউ কল্পনায় আনতে পারেননি। সম্প্রতি ভোটের প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিতের দেওয়াল রং করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তারপর থেকেই বিজেপি প্রার্থীর প্রচারের ধরন দেখে হাসির রোল নেট দুনিয়ায়। ভোটাররা বলছেন, ভোট বড়ো বালাই। নির্বাচনি নির্ঘণ্ট প্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় জোরকদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। আর প্রচারে বেরিয়ে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা সাধ্যমত চেষ্টা করছেন। কেউ চাষের জমিতে নেমে হাল দিচ্ছেন, তো কেউ আবার হেঁশেলে ঢুকে রান্নার কাজে সাহায্য করছেন। তবে প্রচারের ধরনে সব প্রার্থীকে টেক্কা দিয়েছেন উদয়নারায়ণপুরের বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত।
বিজেপির এই প্রার্থীকে কখনও ট্রাক্টর চালিয়ে প্রচার করতে দেখা গিয়েছে। আবার কখনও কৃষিপণ্য বোঝাই ইঞ্জিনভ্যান চালাতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, বিজেপির এই প্রার্থীকে গৃহস্থের গোয়ালে ঢুকে খড় কাটার পাশাপাশি নির্মীয়মাণ বাড়িতে ইট গাঁথতেও দেখা গিয়েছে। তিনি কখনও বস্তায় বালি ভরেছেন, আবার কখনও মাথায় করে আলুর বস্তা নিয়ে গিয়েছেন। তবে প্রচারের সব ধরনকে টেক্কা দিয়েছে প্রভাকর পণ্ডিতের দোতলা বাড়ি রং করা। সম্প্রতি প্রভাকর পণ্ডিত এলাকায় প্রচার করার সময় হঠাৎ একটি নির্মীয়মাণ দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। সেখানে বাঁশের ভাড়া লাগানো ছিল। সেই ভাড়ায় তড়তড়িয়ে উঠে বাড়ি রং করার কাজে হাত লাগান বিজেপি প্রার্থী। সেই ভিডিয়ো ভাইরাল হয়। প্রভাকরের এহেন প্রচারের ধরন দেখে রাজনৈতিক তরজা শুরু হয়েছে উদয়নারায়ণপুরে। তৃণমূল প্রার্থী সমীর পাঁজার বক্তব্য, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিজেপি প্রার্থী এই ধরনের পাগলামি করছেন। এটা গিমিক ছাড়া আর কিছু নয়। যদিও প্রভাকর পণ্ডিতের দাবি, সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে মেশার বার্তা এটা। সেইসঙ্গে সমাজে কোনো কাজই যে ছোটো নয়, সেই বার্তা দিতেই প্রচারের ফাঁকে এইসব কাজ করা। নিজস্ব চিত্র