• পতাকা টাঙানো নিয়ে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষ
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দলের পতাকা টাঙানোকে নিয়ে রবিবার ধুন্ধুমার ঘটে আমডাঙার দত্তপুকুরের কাশেমপুরে। আইএসএফ ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বেধে যায় মারপিট। এতে দু’পক্ষের কয়েকজন জখম হয়েছেন। আইএসএফের অভিযোগ, তাদের দলীয় পতাকা খুলে ফেলে তৃণমূল। বাধা দেওয়ায় দলের কর্মীদের মারধর করেছেন শাসকদলের কর্মীরা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। এনিয়ে আইএসএফ দত্তপুকুরের থানায় অভিযোগ দায়ের করেছে। আমডাঙা বিধানসভা কেন্দ্রে এবার আইএসএফের প্রার্থী হয়েছেন বিশ্বজিৎ মাইতি। তাঁর সমর্থনে জনসভার কর্মসূচি রয়েছে নওশাদ সিদ্দিকির। সেই জনসভার আগে এদিন দত্তপুকুরের কাশেমপুর পঞ্চায়েতের ২০৮, ২০৯ নম্বর বুথ এলাকায় দলীয় পতাকা টাঙাচ্ছিলেন আইএসএফের কর্মীরা। অভিযোগ, সেই ঝান্ডা খুলে দেন তৃণমূলের কর্মীরা। বাধা দেওয়ায় দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হলে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। আক্রান্ত আইএসএফ কর্মীদের নিয়ে দত্তপুকুর থানায় আসেন আমডাঙার প্রার্থী বিশ্বজিৎ মাইতি। তাঁর অভিযোগ, কাশেমপুর পঞ্চায়েতের সদস্য আয়ুব আলির নেতৃত্বে তৃণমূলের কর্মীরা আমাদের দলের ঝান্ডা খুলে দিয়েছেন। প্রতিবাদ করায় আমাদের মারধরও করেছেন। পায়ের তলার মাটি সরে গিয়েছে বুঝতে পেরেই এদিন ওঁরা হামলা চালিয়েছেন। এই অভিযোগ অস্বীকার করেছেন কাশেমপুর পঞ্চায়েত সদস্য আয়ুব আলি। তাঁর দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে বহিরাগতদের এলাকায় এনে অশান্তি তৈরির চেষ্টা করছেন ওঁরা।
  • Link to this news (বর্তমান)