নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের মুখে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের গোবরডাঙার গৈপুরে তালাবন্ধ কেন্দ্রীয় পার্টি অফিস খোলা নিয়ে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলেরই একাংশ কর্মীর বিক্ষোভে তীব্র অস্বস্তিতে পড়ে নেতৃত্ব। জানা গিয়েছে, এখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের একদিকে রয়েছেন গাইঘাটা ৪ মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শক্তিপুঞ্জের নেতা দীপঙ্কর হাওলাদার। দু’পক্ষের টানাপোড়েন দীর্ঘদিনের। ভোটের মুখে সেই দ্বন্দ্বই রাস্তায় নেমে এল।
এই দ্বন্দ্বের উপলক্ষ ছিল গৈপুরের বিজেপির কার্যালয়। নির্বাচনের সময় যেখানে দলীয় কার্যালয় হওয়ার কথা কৌশল নির্ধারণ ও কর্মী সমন্বয়ের কেন্দ্র, সেখানে মাসের পর মাস ঝুলছে তালা। পার্টি অফিসের এই ‘তালাবন্দি’ দশা নিয়েই ক্ষোভ জমছিল কর্মীদের একাংশের মধ্যে। রবিবার সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দীপঙ্কর হাওলাদার সহ কর্মীরা পতাকা হাতে পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের সাফ দাবি, দলীয় কাজ চলবে দলীয় অফিস থেকেই, ব্যক্তিগত ঠিকানা থেকে নয়। দীপঙ্করবাবু বলেন, কার্যালয়ের পরিবর্তে মণ্ডল সভাপতি তাঁর বাড়ি থেকে দলীয় কাজকর্ম চালাচ্ছেন। কিন্তু মণ্ডলের অধিকাংশ কর্মী সেখানে যেতে রাজি নন। এই পরিস্থিতিতে দলের কর্মীরা চাইছেন, ভোটের কাজকর্ম পরিচালিত হোক এই কেন্দ্রীয় কার্যালয় থেকে। সেই দাবিতেই এদিন কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন।
অন্যদিকে, মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায় অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, ভোটের কাজে দলীয় কর্মীরা প্রচারে ব্যস্ত আছেন। অবসর সময়ে হয় তো তালাবন্ধ রয়েছে কার্যালয়। আর বিজেপির পার্টি অফিসে এসে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁরা বিজেপির কেউ নন। তৃণমূলের প্ররোচনায় কেউ বা কারা এটা করেছেন। নিজস্ব চিত্র