সংবাদদাতা, বনগাঁ: রবিবার বাগদায় স্পর্শকাতর বুথ পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরিসরিয়া ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত। সঙ্গে ছিলেন বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু চৌধুরী, বাগদা থানার ওসি রাখোহরি ঘোষ। এদিন সাধারণ ভোটারদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
রবিবার দুপুরে প্রথমে বাগদার হেলেঞ্চাতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর স্পর্শকাতর সলুয়ারদাড়ি বুথের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ওই বুথের বছর আশির এক বৃদ্ধার সঙ্গে মত বিনিময় করেন জেলাশাসক ও পুলিশ সুপার। তাঁকে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধও করেন তাঁরা। সন্ধ্যা কীর্তনিয়া নামে ওই বৃদ্ধা জানান, জেলাশাসক জানতে চেয়েছিলেন, এলাকায় ঝামেলা হয় কি না। আমাদের এখানে যে কোনো ঝামেলা হয় না, সেটাই তাঁকে জানিয়েছি।
জেলাশাসক শিল্পা গৌরিসরিয়া বলেন, আমরা স্পর্শকাতর বুথ পরিদর্শন করলাম। সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছি। তাঁদেরকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য জন্য আশ্বস্ত করেছি। সাধারণ মানুষের তরফ থেকে এখনও আমরা কোনো অভিযোগ পাইনি। নিজস্ব চিত্র