• বাজার ঘুরে প্রচার সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থীর, উপহার পেলেন মাছ! নতুন জামা মহেশতলার বিজেপি প্রার্থীকে
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বজবজ: দ্বিতীয় দফা ভোটের আগে আরও একটি রবিবার। বিশেষ করে দিনটি অক্ষয় তৃতীয়া। ফলে এই শুভদিনে শাসক ও বিরোধী, সব দলই প্রচারের জন্য ঝাঁপিয়ে পড়লেন। কোথাও সকাল থেকে রাত পর্যন্ত মিছিল বা বাড়ি বাড়ি ঘুরে প্রচার, কোথাও বাজারে ও দোকানে জনসংযোগ, আবার কোথাও পথসভা করেছেন তাঁরা। এদিনের প্রচারে গড়িয়া বাজার পরিক্রমার সময়ে মাছ বিক্রেতাদের কাছে ভোট চাইতে যান সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম। সেখানেই তাঁকে একটি ট্রেতে করে দু’টি মাছ উপহার হিসাবে তুলে দিলেন ব্যবসায়ীরা। এদিন, রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গড়িয়া প্লেস, হিন্দুস্থান মোড়, গড়িয়া মোড়, গড়িয়াহাট অঞ্চল, ফরতাবাদ, গাঙ্গুলিপাড়া সহ বিভিন্ন আবাসন এলাকায় সরাসরি জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। তার মধ্যে বাজারে ঢুকতেই মাছ ব্যবসায়ীদের এমন উপহার পেয়ে কিছুটা অবাকই হন ফিরদৌসি। তাঁর সঙ্গে থাকা ওয়ার্ডের কাউন্সিলার ও দলের কর্মীরাও উপভোগ করেন মুহূর্তটা। যদিও প্রার্থী সেই মাছ ব্যবসায়ীকে ফিরিয়ে দেন।

    সোনারপুর দক্ষিণের সিপিআই প্রার্থী পারমিতা দাশগুপ্তের সমর্থনে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছিল। হরিনাভি মোড় থেকে ঘাসিয়ারা পর্যন্ত এই কর্মসূচি নেন বামেরা। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দলীয় কর্মীরা গোবিন্দপুর থেকে আরাপাঁচ পর্যন্ত বাইক মিছিল করেন। এই কর্মসূচির মাঝে যোগ দেন প্রার্থী। তবে বাইক মিছিলের মাধ্যমে কোনো জনসংযোগ করতে দেখা যায়নি কাউকেই। দ্রুতগতিতে বাইক ও গাড়ি চালিয়ে চলে যান প্রার্থী ও দলীয় কর্মীরা। আরাপাঁচে রূপাদেবীর সমর্থনে এদিন সভায় যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

    অন্যদিকে এদিন মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের আনন্দনগরে বাড়ি বাড়ি প্রচারের সময় বিজেপি প্রার্থী তমোনাথ ভৌমিককে ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করেন এক গৃহস্থ পরিবার। শুধু তাই নয়, প্রার্থীর হাতে অক্ষয় তৃতীয়ার উপহার হিসাবে নতুন জামাও তুলে দেওয়া হয়। প্রার্থী তাতে আপ্লুত হয়ে পড়েন। সংশ্লিষ্ট উপহারদানকারী পরিবারের প্রবীণ সদস্যদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। অন্যদিকে এদিন সন্ধ্যায় মহেশতলার ১৫ নম্বর ওয়ার্ডের চককেন্দুয়াতে পথসভা করার সময় তৃণমূল প্রার্থী শুভাশিস দাসকে ফুলের বোকে ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। প্রার্থী এরপর লাগোয়া ১২ নম্বর ওয়ার্ডে আরও একটি পথসভা করেন। সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস প্রার্থী হাজি শেখ আব্দুল হান্নান ৩৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার করেন। জল নিকাশির সমস্যার কথা শুনতে হয় তাঁকে।

    বজবজের তৃণমূল প্রার্থী অশোক দেব সকাল থেকে রাত পর্যন্ত টানা প্রচারে ব্যস্ত ছিলেন। কখনও বজবজ টাউন কখনও পুজালি টাউন কখনও গ্রামীণ পঞ্চায়েত এলাকায় গিয়ে প্রচার করেছেন। বিজেপির চিকিৎসক প্রার্থী ডাঃ তরুণ আদক চুটিয়ে শহর ও গ্রামে প্রচার করেন। যদিও সন্ধ্যার সময় বজবজ টাউনের ১২ নম্বর ওয়ার্ডের পোকপাড়ি এসবিআই মোড়ে পথসভা করার সময় তৃণমূলের লোকজন আপত্তি করে। তা নিয়ে অস্থির পরিস্হিতি তৈরি হয়। শেষে কমিশনের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল এসে সামাল দেয়। এরপর পথসভা শুরু করেন বিজেপি প্রার্থী। এদিন এসইউসি প্রার্থী বাসুদেব কাবড়ি এবং বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এল প্রার্থী কাজল দত্ত দলের লোকজনকে নিয়ে প্রচার করেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)