• রবিবার স্লগ ওভারের প্রচারে ঝোড়ো ব্যাটিং তৃণমূল প্রার্থীদের, মিছিল করলেন বামেরা
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে আর মাত্র সাতদিন। পরের সোমবারই কলকাতায় ভোটপ্রচারের শেষ দিন। তাই রবিবাসরীয় ছুটির দিনে চুটিয়ে ঝোড়ো ব্যাটিং করল তৃণমূল কংগ্রেস। লক্ষ্য ১১-০। প্রচারে খামতি রাখেনি বিরোধীরাও।

    রবিবারের প্রচার ময়দানে চৌরঙ্গি বিধানসভায় চমক ছিল সুদীপ-নয়না জুটি। এদিন প্রথমে স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের হয়ে মেগা রোড শো-তে অংশ নেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। জিপে চড়ে প্রচার চালান তাঁরা। ঢাক-ঢোল সহযোগে কার্যত নগরকীর্তনের বর্ণময় চেহারা নেয় নির্বাচনি প্রচার। এদিন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ ২ নম্বর ওয়ার্ডের হরেকৃষ্ণ শেঠ লেন, বিশ্বনাথ পার্ক, সেভেন ট্যাঙ্কস লেন সহ বিভিন্ন রাস্তায় বাড়ি বাড়ি প্রচার করেন। পাশাপাশি, ৪ নম্বর ওয়ার্ডের বীরপাড়া লেন, দমদম রোড সহ বিস্তীর্ণ অঞ্চলে ‘ডোর-টু-ডোর’ জনসংযোগ সারেন। এদিনই কাশীপুর রোডে রিজেন্ট সিনেমার সামনে পথসভা ছিল অতীনের। অন্যদিকে, জানবাজার এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ করেন চৌরঙ্গি কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। আবার রবিবার বিকালে জোড়াসাঁকো কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয় ওঝার সমর্থনে কেশবচন্দ্র সেন স্ট্রিটের বাটা মোড়ে পথসভায় অংশ নেন বিহারের বিজেপি বিধায়ক মৈথিলি ঠাকুর। যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়ের সমর্থনেও প্রচার করেন তিনি। রবিবার সকালে শ্রীমানি মার্কেট সংলগ্ন এলাকায় প্রচার করেন জোড়াসাঁকো কেন্দ্রের জোড়াফুল প্রার্থী বিজয় উপাধ্যায়।

    এদিন বিকালে ১২৮ নম্বর ওয়ার্ডের জয়রাম পোস্ট অফিসের কাছে পথসভা করেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে, অক্ষয় তৃতীয়ার দিন চুটিয়ে প্রচার সেরেছেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। ৮৪ নম্বর ওয়ার্ডের এমপি রোড, ৮৮ নম্বর ওয়ার্ডের চন্দ্র মণ্ডল লেন, ৮১ নম্বর ওয়ার্ডের নিকাড়ি পাড়া সহ একাধিক অঞ্চলে পথসভা ও পদযাত্রা করেন প্রার্থী। ৮৬ নম্বর ওয়ার্ডের কেয়াতলা অঞ্চলে যান বাড়ি বাড়ি জনসংযোগে। পাশাপাশি, উল্টোডাঙা অঞ্চলে বিআরএস-৩, হরিজন পল্লিতে প্রচার করেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে।

    রবিবার মিছিলেই থাকলেন কলকাতার বামপ্রার্থীরা। এদিন সকালে মিছিলে হাঁটলেন ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। মুক্তদল মোড় থেকে পূণ্য সিনেমা হল পর্যন্ত তাঁর মিছিলে পা মেলান সিপিএমের পলিটব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য ও চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। কসবা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপু দাস এদিন সন্ধ্যায় কসবা বুস্টিং স্টেশন থেকে মিছিলে হাঁটেন। জোড়াসাঁকো কেন্দ্রের সিপিএম প্রার্থী ভরতরাম তিওয়ারি এদিন মিছিলের মাধ্যমেই প্রচার করেন। তিনিও এদিন সকালে জোড়াসাঁকোয় পার্টি দপ্তর থেকে মিছিল করেন। বেলেঘাটা কেন্দ্রের সিপিএম প্রার্থী পারমিতা রায় ৩০ নম্বর ওয়ার্ডে মিছিল করেন।
  • Link to this news (বর্তমান)