• ইংলিশ চ্যানেলের পর লক্ষ্য এ বার পক প্রণালী, নির্বাচনের আবহে ‘আইকন’ আফরিন ব্যস্ত নিজের মিশনে
    এই সময় | ২০ এপ্রিল ২০২৬
  • তিনি বাংলার গর্ব। পশ্চিম মেদিনীপুরের ‘ইলেকশন আইকন’। কিন্তু নির্বাচনের তপ্ত রাজনৈতিক ময়দান থেকে বহুদূরে নীল জলের কোলেই কঠোর সাধনায় মগ্ন সাঁতারু আফরিন জাবি। ইংলিশ চ্যানেল পার হওয়ার এ বার তাঁর টার্গেট শ্রীলঙ্কা ও ভারতের মাঝামাঝি ভারত মহাসাগরের পক প্রণালী জয়।

    নতুন সরকার গঠন কে করবেন সে দিকে যখন বাংলার চোখ থাকবে, তখন ভারত মহাসাগরের নীল জলে চ্যালেঞ্জ পূরণে নামবেন আফরিন জাবি। ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু জানান, অত্যন্ত কঠিন পক প্রণালী জয়ের এই চ্যালেঞ্জ পূরণ করতে দিনরাত এক করে পরিশ্রম করছেন তিনি। আফরিন বলেন, ‘জানি, কাজটা সহজ হবে না। গোটা যাত্রা পথে রয়েছে জলের প্রবল স্রোত। তাপমাত্রার ওঠাপড়া আছে, জেলিফিশ আছে। সে সব মোকাবিলা করেই এগোতে হবে। গোটা রাস্তাটা ৩৫ কিমি।’ এই দীর্ঘ পথ পার হতে সারা রাত ধরে টানা ১২ ঘণ্টা সাঁতার কেটে পক প্রণালী জয়ের জন্য তৈরি হচ্ছেন আফরিন।

    পশ্চিম মেদিনীপুরের এই সাঁতারুর কথায়, আগামী মাসের অর্থাৎ মে মাসের ৪ থেকে ১০ তারিখের মধ্যে তিনি পক প্রণালী জয় করার লক্ষ্য নিয়ে নামবেন। এই এই দিনগুলোর মধ্যে যেদিন আবহাওয়া সুবিধাজনক হবে সে দিন ভারতের নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করবেন আফরিন। গত জুলাইয়ে ১৩ ঘণ্টা ১৩ মিনিট সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পেরিয়েছেন তিন। এ বার ৮ থেকে ১০ ঘণ্টা মধ্যে পক প্রণালী পার হওয়ার লক্ষ্য রেখেছেন এই ২৩ বছর বয়সি সাঁতারু।

    আফরিনের বাড়ি মেদিনীপুরের দেওয়ান বাবার চকে। বাবা শেখ পিয়ার আলি এবং মা সাবিনা পারভিন মেয়ের সাঁতারের জন্য সব সময় সব রকম সহযোগিতা করেন। আফরিন কথায় কথায় জানিয়েছেন, কোনির ক্ষিদ্দার মতো তাঁর জীবনে দিশা দেখানোর জন্য রয়েছেন তাঁর বাবা পিয়ার। প্রবল জলস্রোতের মুখেও যিনি সাহস জুগিয়ে চিয়ার করেন- 'ফাইট জাবি, ফাইট।'

    ২০২৫ সালের ২৯ জুলাই ইংলিশ চ্যানেল জয় করেছিলেন আফরিন। কঠোর

    শারীরিক পরিশ্রম, জেদ, মানসিক দৃঢ়তাই তাঁর হাতিয়ার। সেই সাধনার ভরসাতেই পক প্রণালী জয়ের পথে এগিয়ে যেতে চান বাংলার অন্যতম প্রতিভাবান সাঁতারু— আফরিন জাবি।

  • Link to this news (এই সময়)