• গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি
    আজকাল | ২০ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন তৃণমূল কর্মী দিব্যেন্দু গায়েন। বর্তমানে তিনি কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দলীয় বৈঠক সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন দিব্যেন্দু গায়েন। অভিযোগ, সেই সময় আগে থেকেই ওত পেতে থাকা দুষ্কৃতীরা আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তাঁর ডান পায়ের উরুতে লাগে। গুলির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রাতের নীরবতা ভেঙে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

    স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দিব্যেন্দুকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তিনি আপাতত স্থিতিশীল, তবুও এই তৃণমূল কর্মীকে চিকিৎসকদের কড়া নজরে রাখা হয়েছে।

    এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং ভোটের আগে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিরোধী শক্তিকে দমিয়ে রাখতে এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করতেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল।

    যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকর্ন নস্কর। তিনি বলেন, “তৃণমূলের ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, তারই জেরে এই ধরনের ঘটনা ঘটছে। বিজেপির উপর ভিত্তিহীন অভিযোগ চাপিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে। আমাদের কোনও কর্মী বা সমর্থক এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।” 

    বিজেপি প্রার্থীর এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিব্যেন্দু গায়েন এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। আগামী ২২ এপ্রিল গোসাবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা হওয়ার কথা রয়েছে। সেই সভাকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন দিব্যেন্দু। বৈঠক শেষে বাড়ি ফেরার পথেই তিনি হামলার শিকার হন।

    ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হামলাটি পূর্বপরিকল্পিত। তবে এর পেছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও পক্ষের অভিযোগই এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ভোটের আগে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই ধরনের হিংসাত্মক ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে প্রভাবিত করতে পারে। প্রশাসনের তরফে দ্রুত দোষীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই ঘটনার জেরে গোসাবা জুড়ে যে উত্তেজনার আবহ তৈরি হয়েছে, তা সহজে কাটবে না বলেই মনে করছেন স্থানীয়রা।
  • Link to this news (আজকাল)