• মন দিয়ে কাজ করলে সাফল্য আসবেই: রণজয় বিষ্ণু
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৬
  • চিত্রনাট্যে চরিত্রের গুরুত্ব। এটাই অভিনেতা রণজয় বিষ্ণুর কাছে মুখ্য। কয়েক বছরের বিরতির পর ফের তিনি টেলিভিশনের পর্দায়। সৌজন্যে স্টার জলসার ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’। কেন বেছে নিলেন এই প্রজেক্ট? জবাবে নায়ক বললেন, ‘প্রথম কারণ আমার চরিত্র। দ্বিতীয়ত, আমি রাজদার (চক্রবর্তী, পরিচালক-প্রযোজক) ভক্ত। ওঁর সঙ্গে বহু বছরের পরিচয়। তবে কাজ করা হয়নি। তাই এই সুযোগটা ছাড়িনি।’ গল্পে অভিমন্যুর চরিত্রে দেখা যাচ্ছে রণজয়কে। সে পেশায় উকিল। এর আগে পর্দায় কখনো উকিল হয়ে ওঠা হয়নি রণজয়ের। তাই ধারাবাহিক নির্বাচনের নেপথ্যে এই পেশাও অনুঘটক হিসাবে কাজ করেছে, জানালেন অভিনেতা।

    গল্প অনুযায়ী ছোটোবেলার বন্ধুকে ভালোবাসে অভিমন্যু। তবে এক দুর্ঘটনায় আলাদা হয় দু’জনের পথ। তাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে? তা নিয়েই গল্প। ভালোবাসার নানা ব্যাখ্যা রয়েছে রণজয়ের কাছে। তিনি বলেন, ‘ভালোবাসা মানুষকে একধরনের কমফোর্ট জোন দেয়। ছোটোবেলার প্রেম অভিমন্যুকেও তা দিয়েছে। সেকারণেই সেই প্রেম ফিরে আসার অপেক্ষায় রয়েছে সে।’ রণজয়ের বিপরীতে অভিনেত্রী অভিকা মালাকার। ‘জুনিয়র’ সহঅভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? রণজয়ের কথায়, ‘সবে প্রজেক্ট শুরু হয়েছে। এখনও ওর সঙ্গে সেভাবে কথাবার্তা হয়ে ওঠেনি। তবে এই ক’দিন কাজ করে যা বুঝেছি, অভিকা ভীষণই সিনসিয়ার। পরিচালক যা বলেন, মন দিয়ে শুনে, সেভাবেই করার চেষ্টা করে।’

    ‘গুড্ডি’ ধারাবাহিকে শ্যামৌপ্তি মুদলির সঙ্গে, ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে রণজয়ের জুটি প্রশংসিত। সফল জুটির নেপথ্যে কোন মন্ত্রে বিশ্বাস রাখেন রণজয়? বললেন, ‘মন দিয়ে কাজ করলে সাফল্য আসবেই, এটা যে কোনো পেশার নিয়ম। যে চরিত্রের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেটা সঠিকভাবে করার চেষ্টা করেছি। বাকিটা দর্শকের হাতে।’

    ‘গুড্ডি’র সহঅভিনেত্রী শ্যামৌপ্তিই বর্তমানে রণজয়ের সহধর্মিণী। গত ১৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। বিয়ের পর ‘প্রতিজ্ঞা’ অভিনেতার প্রথম কাজ। প্রেমের গল্পে রণজয়ের প্রত্যাবর্তনে স্ত্রীর প্রতিক্রিয়া কেমন? হেসে তিনি বললেন, ‘আমার থেকেও বেশি খুশি শ্যামৌপ্তি। একটাও এপিসোড মিস করে না।’

    সাম্প্রতিক অতীতে আচমকা ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার কথা জানিয়েছেন বেশ কয়েকজন শিল্পী। তবে রণজয়ের মত, ‘অনিশ্চয়তা জেনেই তো কাজ করতে এসেছি। অনেক বড়ো বড়ো কোম্পানিতেও তো চাকরি যায়। আর ধারাবাহিক বর্তমানে ব্যবসায়িক জায়গা। সেখানে কখন কে বাদ যাবেন, কোন ট্র্যাক কখন বন্ধ হবে, সেটা বোঝা খুব শক্ত। তাই মন দিয়ে নিজের কাজটা করে যেতে হবে।’
  • Link to this news (বর্তমান)