• ‘কোমরে গোঁজা থাকলে...’, বন্দুক-মন্তব্যে বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি
    এই সময় | ২০ এপ্রিল ২০২৬
  • এই সময়, কৃষ্ণনগর: নদিয়ায় ভোট ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায়। তার আগে বন্দুকের ব্যবহার কী ভাবে করা হবে - তা ব্যাখ্যা করার একটি ভিডিয়ো ও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপির দাবি, ভিডিয়োটি চাপড়া না বিধানসভা এলাকার। আর মঞ্চ থেকে যাঁকে এমন কথা বলতে দেখা যাচ্ছে, তিনি তৃণমূলের চাপড়া ব্লক সভাপতি শুকদেব ব্রহ্ম। যদিও এই ভিডিয়োর সত্যতার যাচাই করেনি 'এই সময়'।

    ভিডিয়োয় বলতে শোনা যাচ্ছে, '... একেক বুথে একেক রকম ভাবে ভোট হয়। যদি কোনও জায়গায় মনে হয়, বন্দুকের ব্যবহারের প্রয়োজন আছে, বন্দুক খোলা দেখাব না। কোমরে গোঁজা থাকলে জামাটা তুলব, ওতেই কাজ হবে। ফায়ার করার দরকার নেই। কাউকে মারার প্রয়োজন নেই। ওইটুকুতেই কাজ হবে। এতে হান্ড্রেড পার্সেন্ট ভোট আসবে বলে আমাদের বিশ্বাস...।'

    বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, 'সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ভিডিয়োতে তৃণমূলের চাপড়া ব্লক সভাপতি শুকদেব ব্রহ্মর ছবি ও গলা শোনা যাচ্ছে। ভোটে সন্ত্রাস তৈরির জন্য কোমরে বন্দুক রেখে ভয় দেখানোর কথা বলছেন। আমরা এই ভিডিয়ো ক্লিপিং সমেত নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। পাশাপাশি, শুকদেবকে গ্রেপ্তারের দাবিও জানাব।'

    অভিযোগ প্রসঙ্গে শুকদেব বলেন, 'আমি এ ধরনের কথা কোনও দিনই বলিনি। বলতে অভ্যস্তও নই। ভিডিয়োতে যে ছবিটা দেখা যাচ্ছে, সেটা আমার ছবি–পোশাক দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে শীতকালের ছবি। ২০১৫–র একটি সভা মঞ্চে আমার বক্তব্যের একটি ভিডিয়ো ছবি এডিট করে এ ধরনের কথা বসানো হয়েছে বলে মনে হচ্ছে। চাপড়া বিধানসভায় বিজেপি গোহারা হারবে বুঝতে পেরে ওরা মিথ্যে অভিযোগ করছে আমার নামে।'

  • Link to this news (এই সময়)