• রাজনৈতিক দলের স্লিপ নয়, কমিশনের স্লিপ নিয়েই ভোট দিতে যেতে হবে, না পেলে কী করবেন?
    আজ তক | ২০ এপ্রিল ২০২৬
  • সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে এবার কোমড় বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন। যে কোনও ধরনের জালিয়াতি এবং ছাপ্পা রুখতে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যেই অন্যতম কমিশনের নির্দিষ্ট করা ভোটার স্লিপ। এই স্লিপ নিয়েই ভোটের লাইনে দাঁড়াতে হবে সাধারণ মানুষকে। কোনও রাজনৈতিক দল এবার স্লিপ বিলি করতে পারবেন না ভোটারদের বাড়ি বাড়ি। আপনার বাড়িতে কি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের সেই স্লিপ? না পৌঁছলে কী করবেন? 

    কীভাবে হাতে পাবেন কমিশনের স্লিপ?
    জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে BLO-রা ফের যাবেন ভোটারদের বাড়ি বাড়ি। তাঁরাই হাতে হাতে দেবেন ভোটার স্লিপ। ভোটার সে সময়ে বাড়িতে না থাকলে নিকটজনের হাতে দেওয়া হবে সেই স্লিপ। তবে স্লিপ সংগ্রহ করার জন্য ওই নির্দিষ্ট ব্যক্তিকে নিজের আই-কার্ড দেখাতে হবে। শুধু তাই নয়, স্লিপ হাতে নিয়ে ভোটারকে রেজিস্টারে সইও করতে হবে। কোনও বাড়িতে বার বার স্লিপ বিলি করতে গিয়ে ফিরে এলে BLO-কে তা বিস্তারিত জানাতে হবে ওই বুথের প্রিসাইডিং অফিসারকে। 

    ভোটার স্লিপ ছাড়া ভোট দিতে যাওয়া যাবে?
    ভোটার স্লিপ না পেলে ভোট দেওয়া যাবে তবে তার জন্য নির্দিষ্ট পরিচয়পত্র দেখাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। শুধু তাই নয়, কেন তিনি ভোট দিলেন না, তা-ও জানাতে হবে প্রিসাইডিং অফিসারকে। 

    নির্বাচন কমিশন স্পষ্ট করে নির্দেশ দিয়েছে, ভোটার স্লিপ বাড়ি বাড়ি বিলি করার সময়ে আরও একবার খতিয়ে দেখা হবে, কোনও মৃত, ডিলিটেড কিংবা স্থানান্তরিত ভোটারের নাম ভুলবশত লিস্টে রয়ে গিয়েছে কি না। তেমনটা হলে BLO-কে জানাতে হবে রিটার্নিং অফিসার বা ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং সর্বোপরি প্রিসাইডিং অফিসারকেও। 

    কমিশনে ভোটার স্লিপে কী কী থাকবে?
    > ভোটারের নাম
    > ভোটারের বয়স
    > ভোটারের ঠিকানা
    > পার্ট ও বুথের নম্বর
    > EPIC নম্বর 

    কমিশনের ভোটার স্লিপ হাতে না পেলে কী করবেন?
    কোনও কারণে BLO আপনার বাড়ি এসে ফিরে গেলে অথবা হাতে ভোটার স্লিপ না পেলে কমিশনের দেওয়া নম্বরে (1950) যোগাযোগ করতে হবে। আপনি ভোটার স্লিপ পাননি তা জানালে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করবে কমিশন। 

     
  • Link to this news (আজ তক)