• হিমন্তর উসকানিমূলক মন্তব্যে বিতর্কের ঝড়, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের
    দৈনিক স্টেটসম্যান | ২০ এপ্রিল ২০২৬
  • রাজ্যে ভোট প্রচারে এসে ফের রাজনৈতিক উত্তেজনা বাড়ালেন আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপির তারকা প্রচারক হিমন্ত বিশ্বশর্মা। সোমবার জলপাইগুড়ি সদর এলাকার মণ্ডলঘাটের সিপাইপাড়ায় এক নির্বাচনী সভায় হিমন্ত বলেন, ‘আমাকে একটা গুলি করলে, আমি কী চুপ করে থাকব।

    বিজেপিকে একটা গুলি চালালে, আমি ২টো গুলি চালাব। বাংলায় থানা থাকলে, অসমেও পুলিশ আছে। টক্কর হবে সমানে সমানে।’ হিমন্তের এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোরদার বিতর্ক। হিমন্তের মন্তব্যের কড়া সমালোচনা করেছে শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের পাল্টা প্রশ্ন, ‘ওরা কী ভাবছে, যা খুশি তাই করবে?’

    এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার গৌরবাজারে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি-র সমর্থনে রোড শো করেন হিমন্ত। সেখানে তিনি মহিলা সংরক্ষণ বিল নিয়ে তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, এই দলগুলি মহিলা সংরক্ষণ বিল আটকে দিয়ে দেশের মহিলাদের অসম্মান করেছে। এবারের ভোটে মানুষ তাদের জবাব দেবে।

    হিমন্তের দাবি, এবারের নির্বাচনে বিজেপির জয় প্রায় নিশ্চিত। এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাংলার গুন্ডাদের বলছি, ২৯ তারিখের মধ্যে থানায় আত্মসমর্পণ করুন, নাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ হিমন্তের এই মন্তব্যের জবাবে পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিজেপি ভোটে জিততে না পেরে ভয় দেখানোর রাজনীতি করছে। তবে বিজেপির হুমকিতে বাংলার মানুষ ভয় পায় না।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)