• বহরমপুরে ভোটকর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেস, বিজেপির
    দৈনিক স্টেটসম্যান | ২০ এপ্রিল ২০২৬
  • বহরমপুর বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে ভোট দানের প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী ও বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র । ইতিমধ্যেই তাঁরা সরাসরি প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। তাঁদের অভিযোগ, বহরমপুরে ভোটকর্মীদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। শাসকদল তৃণমূলের কর্মী-সমর্থকেরা পরিকল্পিতভাবে পোস্টাল ব্যালটের ভোটদান প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন। নিজেদের ভোট দিতে না পেরে ভোটকর্মীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়। প্রতিবাদে ভোটকর্মীরা এদিন বহরমপুরে মুর্শিদাবাদ জেলাশাসকের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান।

    কমিশনের কাছে করা অভিযোগে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী জানিয়েছেন, বহরমপুরের ৭২ নম্বর বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অধিকারপ্রাপ্ত ভোটারদের, বিশেষ করে সার্ভিস ভোটার এবং নির্বাচনের দায়িত্বে থাকা কর্মীদের ভয় দেখানো এবং হুমকি দেওয়া হচ্ছে। নিজেদের ইচ্ছামতো তাঁদের ভোট দিতে দেওয়া হচ্ছে না।

    এই ধরনের কার্যকলাপ শুধু বেআইনি নয়, বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তিকেই প্রশ্নের মুখে ফেলছে। অন্যদিকে, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রর প্রশ্ন, ভোটকর্মীরাই ভোট দিতে না পারলে কীসের নির্বাচন কমিশন? অধীরের দাবি, তৃণমূলের হুমকির ভয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ফলে ভোট কর্মীরা অনেকেই নির্ভয়ে ভোট দিতে পারছেন না।

    গণতান্ত্রিক প্রক্রিয়ায় এধরনের হস্তক্ষেপ কখনওই মেনে নেওয়া যায় না। কমিশনের কাছে অধীরের দাবি, অবিলম্বে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক। পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়া নির্বিঘ্ন করা হোক। পাশাপাশি, সমস্ত যোগ্য ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন কংগ্রেস প্রার্থী।

    এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও শাসকদল তৃণমূল অবশ্য কংগ্রেস ও বিজেপির অভিযোগ মানতে নারাজ। মুর্শিদাবাদ জেলায় দলের নেতা অশোক দাস পাল্টা বলেছেন, ‘অধীর চৌধুরী মিথ্যে কথা বলতে অভ্যস্ত। তাঁর এই দক্ষতার কথা বহরমপুরের মানুষ ভালই জানেন। এ ধরনের ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়ার কোনও প্রয়োজন নেই।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)