• ভোটে কড়া নজরদারি কমিশনের, বুথে ঢুকতে দু’দফায় যাচাই
    দৈনিক স্টেটসম্যান | ২০ এপ্রিল ২০২৬
  • ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে এবার আরও কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আসন্ন ভোটে বুথে প্রবেশের ক্ষেত্রে চালু করা হচ্ছে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ব্যবস্থা। অর্থাৎ, কোনও ভোটার ভোটকেন্দ্রে ঢোকার আগে তাঁকে দু’ধাপে পরিচয় যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। কমিশনের মতে, ভুয়ো ভোটার প্রবেশ রুখতে এবং বুথ জ্যাম এড়াতেই এই নতুন ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

    কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ভোট দিতে আসা প্রত্যেক ভোটারকে অবশ্যই নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে একটি সঙ্গে আনতে হবে এবং তা অবশ্যই অরিজিনাল কপি হতে হবে। বুথের প্রবেশপথেই প্রথম ধাপে সেই পরিচয়পত্র পরীক্ষা করবেন নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরা প্রাথমিকভাবে নিশ্চিত করবেন যে সংশ্লিষ্ট ব্যক্তি বৈধ ভোটার কিনা।

    এরপর দ্বিতীয় ধাপে সেই পরিচয়পত্রের আরও বিস্তারিত যাচাই করবেন বুথস্তরের আধিকারিক বা বিএলও। এই পর্যায়ে ভোটারের তথ্য সঠিক কিনা, তালিকার সঙ্গে মিলছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই দুই ধাপ সফলভাবে সম্পন্ন হলেই সংশ্লিষ্ট ভোটারকে বুথের ভিতরে প্রবেশ করে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। গোটা প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কিনা তা নজরে রাখবেন সেক্টর অফিসাররা, এবং কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট জানানো হয়েছে।

    পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করতে বুথের চারপাশে ‘লক্ষ্মণরেখা’ টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রতিটি পোলিং বুথকে ঘিরে ১০০ মিটারের একটি নির্দিষ্ট এলাকা সাদা চক দিয়ে চিহ্নিত করা হবে। এই সীমার মধ্যে শুধুমাত্র ভোটারদেরই প্রবেশের অনুমতি থাকবে। ভোটার ছাড়া অন্য কোনও ব্যক্তি, দলীয় কর্মী বা সমর্থকদের সেখানে ঢুকতে দেওয়া হবে না।

    এছাড়াও ওই ১০০ মিটারের মধ্যে কোনও ধরনের জমায়েত, প্রচার বা রাজনৈতিক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, এই নিয়ম কঠোরভাবে মানাতে দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশনের দাবি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)