• কমিশনে অভিযোগ ডেরেকের
    দৈনিক স্টেটসম্যান | ২০ এপ্রিল ২০২৬
  • ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহে সরাসরি দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল জোড়াফুল শিবির। একগুচ্ছ গুরুতর অভিযোগ তুলে ধরলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ভোটার তালিকায় গরমিল, কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাতমূলক ব্যবহার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা— এই তিনটি ইস্যুকে সামনে রেখে কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

    প্রথমত, ভোটার তালিকায় অসঙ্গতি নিয়ে সরব হয়েছে তৃণমূল। দলের দাবি, আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের ১৭১ নম্বর বুথে একই ভোটারের নাম একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছে। বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়ার লক্ষ্য ছিল নির্ভুল ভোটার তালিকা তৈরি করা, কিন্তু বাস্তবে তার উল্টো ছবি দেখা যাচ্ছে বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে তৃণমূলের দাবি, হয় ২১ এপ্রিলের মধ্যে গোটা রাজ্যের ভোটার তালিকা নতুন করে খতিয়ে দেখা হোক, নয়তো ‘এসআইআর ২০২৫’ প্রক্রিয়াটিই বাতিল করা হোক।

    দ্বিতীয়ত, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, ‘অতি সংবেদনশীল’ বুথগুলিতে শুধুমাত্র সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পক্ষপাতদুষ্ট হতে পারে। তৃণমূলের বক্তব্য, দেশে যখন একাধিক আধা-সামরিক বাহিনী রয়েছে, তখন কেন শুধুমাত্র সিআরপিএফকে বেছে নেওয়া হল, তার কোনও স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া হয়নি। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানিয়েছেন ডেরেক।

    তৃতীয় এবং সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, সিইও সুব্রত গুপ্ত এবং সংশ্লিষ্ট আধিকারিকরা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপর চাপ সৃষ্টি করছেন। অভিযোগ অনুযায়ী, তাঁদের সঙ্গে একাধিকবার বৈঠক করে পর্যবেক্ষকদের নিরপেক্ষ ভূমিকা পালনে বাধা দেওয়া হচ্ছে এবং তাঁদের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করতে প্রভাবিত করা হচ্ছে।

    এই তিনটি অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনের কাছে পৃথক চিঠি জমা দিয়েছে তৃণমূল। দলের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অবিলম্বে কড়া পদক্ষেপ করা হোক এবং ভোটার তালিকার সমস্ত ত্রুটি সংশোধন করা হোক। এখন রাজনৈতিক মহলের নজর দিল্লির নির্বাচন সদনের দিকে। ভোটের মুখে তৃণমূলের এই ত্রিমুখী আক্রমণের প্রেক্ষিতে কমিশন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)