নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১৫
প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৬
মর্মান্তিক দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস। সোমবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহত হয়েছেন আরও অনেকে। এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল চলছে উদ্ধারকাজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের রামনগর থেকে উধমপুর যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। পথে কানোটে গ্রামে পাহাড়ি রাস্তায় একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে সেটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের এয়ারলিফট করে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে।
এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানান, ‘ঘণ্টাখানেক আগে কানোটে গ্রামে একটি যাত্রীবোঝাই বাসে মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েছি। উধমপুরের ডেপুটি কমিশনার মিংগা শেরপার সঙ্গে আমার কথা হয়েছে। ইতিমধ্যেই ওখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা অনেক বেশি বলে জানা যাচ্ছে। সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের এয়ারলিফট করা হচ্ছে। আমি স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজিন্দর শর্মার নেতৃত্বে আমাদের স্থানীয় কর্মী দলের সঙ্গেও যোগাযোগ রাখছি।’
এদিকে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ চলছে পাশাপাশি ঠিক কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যেখানে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে সেখানে একটি অদৃশ্য বাঁক রয়েছে। ওই পথে যেতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় বাসটি।