• পিঠে ‘অভিযোগ বাক্স’ বেঁধে পাড়ায় পাড়ায় ঘুরছেন অভিজিৎ, আমতায় অভিনব প্রচার নির্দল প্রার্থীর
    প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৬
  • কী সমস্যা? আছেন কেমন? বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাল হকিকত জানতে চাইছেন অভিজিৎ। আমতা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী তিনি। পিঠে অভিযোগের বাক্স বেঁধে ঘুরছেন আমতার অলিগলিতে। জানতে চাইছেন অভাব-অভিযোগ, প্রয়োজনে পরামর্শও দিতে পারবেন বাসিন্দারা। এমনই প্রচারে আমতায় নজর কাড়লেন নির্দল প্রার্থী।

    পিঠে বাঁধা বিস্কুটের পেটি। তার গায়ে সাঁটানো সাদা কাগজে লেখা ‘আপনার মতে আপনার বিধানসভা এলাকার সমস্যা এবং পরামর্শ।’ সঙ্গে পেন, সাদা কাগজও আছে। এইভাবেই চলছে আমতা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অভিজিৎ হাজরার প্রচার। কিন্তু এভাবে প্রচার কেন? প্রশ্নের উত্তরে অভিজিৎ বাবু জানান, “এর ফলে আমি বুঝতে পারছি আমতা কেন্দ্রের সমস্যা, মানুষের দৈনন্দিন চাহিদাগুলো।” এলাকার বৃহত্তর উন্নয়নের জন্যও কী প্রয়োজন, সে বিষয়েও পরামর্শ নিচ্ছেন বলে জানান অভিজিৎ।

    অভিজিৎ বাবুর দাবি, প্রচারে এলাকার মানুষ যথেষ্ট দিচ্ছেন। নিজেদের সমস্যার কথা অনেকে লিখে ড্রপ বক্সে ফেলছেন নিজের হাতেই, আবার অনেকের সমস্যা শুনে অভিজিৎ বাবু লিখে নিজেই বক্সে ফেলছেন। অভিজিৎ হাজরা জানিয়েছেন, “কেউ জানাচ্ছে তাঁর বাড়ির কথা, কেউ বলছেন ত্রিপলর প্রয়োজন, কারও দরকার চাকরি, কেউ চাইছেন রাস্তার আলো। প্রতিদিন এমনই হরেক সমস্যা উঠে আসছে অভিযোগের বাক্সে।” কিন্তু সমাধানের উপায় কী? নির্দল প্রার্থী বলছেন, “আমি মানুষের কাছে আবেদন জানাচ্ছি ভোট দিয়ে আমাকে বিধায়ক করুন। এই সমস্যার সমাধান করব ও ভবিষ্যতেও আপনাদের পরামর্শ নিয়ে কাজ করব।” ‘কলিং’ চিহ্নে ভোট দেওয়ার আবেদন নিয়ে পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি।

    আমতার ভূমিপুত্র অভিজিৎ। কুশবেড়িয়া পঞ্চায়েতের তেগেছিয়া এলাকায় বাড়ি। অভিজিৎ বাবু জানান, ‘আমতা বিধানসভার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকারই তেগেছিয়া ও চকশ্রীরামপুর এলাকায় ২০০৩ সালে বিদ্যুৎ পৌঁছে গিয়েছিল।’ রাজনীতির ময়দানে সুযোগ পেলে মানুষের অভাব-অভিযোগের কথা মাথায় রেখেই আগামীদিনে পথ চলবেন বলে দাবি করেন তিনি। ভোটের ফলে কার পাল্লা ভারী হবে,তা তো বলবে জনগণের রায়। তবে জনসেবা যাঁদের লক্ষ্য, তাঁরা কোনও পদের অপেক্ষা না করেই পৌঁছে যান মানুষের দ্বারে দ্বারে।
  • Link to this news (প্রতিদিন)