ফের আকাশপথে দুর্ঘটনা। সোমবার ছত্তিসগড়ের পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের জশপুর জেলায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় জেটের পাইলট ও কো-পাইলটের মৃত্যু হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, জশপুরের নারায়ণপুর থানা এলাকার খুরাসাগড়হা গ্রামের কাছে রাতনপাহলি জঙ্গলে জেটটি ভেঙে পড়ে। প্রাথমিক তথ্য বলছে, দুর্ঘটনার সময়ে বিমানটি খুব নীচু দিয়ে উড়ছিল। মাটি থেকে মাত্র ৩০ ফুট ওপরে ওড়ার সময়েই একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় প্রাইভেট জেটটি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গাছে ধাক্কা লাগার পরেই জেটটি পাহাড়ের ঢালে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দূর থেকে ঘন ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। দুর্গম জঙ্গল ও পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনাগ্রস্ত জেটটিতে এখনও পর্যন্ত মোট কতজন ছিলেন, তা স্পষ্ট নয়। সংবাদ সংস্থা সূত্রে, দুই পাইলটের মৃত্যুর খবর মিলেছে।
প্রাথমিক ভাবে অনুমান, কম উচ্চতায় ওড়ার জেরেই গাছের সঙ্গে সংঘর্ষই হয় জেট বিমানটির। এটিই দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে। তবে সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।