মঙ্গলবার (২১ এপ্রিল) রাজস্থানের বারমের জেলায় যাওয়ার কথা ছিল প্রদানমন্ত্রী মোদীর। সেখানকার পাঁচপাদরা রিফাইনারি অর্থাৎ তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ ইউনিটের উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু তার ঠিক এক দিন আগেই এই তেল শোধনাগারে ঘটে গেল এক বড় মাপের বিপর্যয়। সোমবার (২০ এপ্রিল) দুপুরে আগুন লেগে গিয়েছে এই রিফাইনারিতে। প্রধানমন্ত্রীর আগমনের ঠিক আগের দিনই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটানয় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
স্থানীয় আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, রিফাইনারির ক্রুড ডিস্ট্রিলেশন ইউনিট বা CDU-তে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঠিক কী ভাবে এই আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। বালোতরা ও সংলগ্ন এলাকা থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালাচ্ছে।
প্রধানমন্ত্রী আসবেন, তাই নিরাপত্তাজনিত প্রস্তুতি খতিয়ে দেখতে আজই ওই তেল শোধনাগারে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার। কিন্তু তাঁর আসার আগেই এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রাজস্থানের মুখ্যসচিব ভি শ্রীনিবাস এবং রাজ্যের শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকরা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দ্রুত ওই ইউনিট এবং সংলগ্ন এলাকা থেকে সকল কর্মীদের সরিয়ে নেওয়া হয়।
এই রিফাইনারি প্রকল্পটি নিয়ে দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন চলেছে। ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর অশোক গেহলট সরকারের আমলে তৎকালীন UPA চেয়ারপার্সন সনিয়া গান্ধী এর শিলান্যাস করেছিলেন। পরবর্তীকালে, ২০১৮ সালের ১৬ জানুয়ারি সংশোধিত বাজেটে প্রকল্পটির পুনরায় শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার এই প্রকল্পের উদ্বোধনের ঠিক আগের দিনই ঘটল অগ্নিকাণ্ড।