বাঙালি মনীষীদের নিয়ে বিজেপি নেতাদের ভ্রান্ত বক্তব্য নির্বাচনে বার বার হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি বক্তব্য নিয়ে সমালোচনা তৃণমূলের। সোমবার পুরুলিয়া জেলার জয়পুরে বিজেপির একটি সভায় হাজির ছিলেন যোগী। সেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বাণী, স্বামী বিবেকানন্দের বলে উল্লেখ করেছেন যোগীজি। এমনই দাবি তৃণমূলের।
তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে বাঁকুড়া জয়পুরের যোগীর বক্তব্য রয়েছে। যোগী বলছেন, ‘স্বামী বিবেকানন্দ বলেছিলেন– তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।’ যোগীর এই বক্তব্য শুনে দর্শকাসনে থাকা বিজেপি কর্মী, সমর্থকরা হাততালি দিয়ে ওঠেন। যদিও এই দুই লাইনের পরেই যোগী বলেন, ‘নেতাজির এই কথা ভারতের স্বাধীনতার মন্ত্র হয়ে গিয়েছিল।’
ভিডিয়োটি শেয়ার করে তৃণমূল কংগ্রেস লেখে, ‘ইতিহাসের ন্যূনতম জ্ঞান না থাকলে এমন ভুল হতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, যাঁরা দেশ, সংস্কৃতি আর মহান ব্যক্তিত্বদের নাম করে রাজনীতি করেন, তাঁদের কাছ থেকে কি এটাই প্রত্যাশিত? এটা শুধু ভুল নয়, এটা ইচ্ছাকৃত বিকৃতি। বাংলার গর্ব, দেশের ইতিহাস, সবকিছুকে এ ভাবে বিকৃত করার অধিকার আপনাদের কে দিয়েছে?’
তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ভিডিয়ো পোস্ট করে সমালোচনা শুরু করেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘আপনার তথ্যগুলো আগে ঠিক করে নিন। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন—তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। স্বামী বিবেকানন্দ কিন্তু এই কথাটি বলেননি। দয়া করে উত্তরপ্রদেশে ফিরে গিয়ে ফ্যান্টা পান করা চালিয়ে যান এবং বাংলাকে নিজের মতো থাকতে দিন। আপনি তো একটা হাস্যকর পাত্র!’