• আগামী ৫দিন আবহাওয়া নিয়ে চরম সতর্কবার্তা মৌসম ভবনের, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা
    আজ তক | ২১ এপ্রিল ২০২৬
  • IMD Heatwave Alert April 2026: বৈশাখের শুরুতেই নাভিশ্বাস ওঠার জোগাড় আমজনতার। আর এরই মধ্যে নতুন করে আশঙ্কার কথা শোনাল মৌসম ভবন। ভারতের আবহাওয়া দফতর (IMD) সাফ জানিয়ে দিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে বইবে তীব্র তাপপ্রবাহ বা ‘হিটওয়েভ’। এখনই রেহাই পাওয়ার কোনও লক্ষণ নেই, বরং বাড়বে অস্বস্তি।

    মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, ২০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে দফায় দফায় লু-এর ঝাপটায় পুড়বে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পঞ্জাব। রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, সর্বত্রই বইবে গরম হাওয়া। তালিকায় ওপরের দিকেই রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নামও। সঙ্গে ঝাড়খণ্ড ও ওড়িশাতেও তাপপ্রবাহের চরম দাপট চলবে। ফলে ঘরের বাইরে বেরনো দায় হবে দক্ষিণবঙ্গবাসীর।

    দুর্ভোগ কেবল দিনে নয়, রাতেও পিছু ছাড়বে না। হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে আগামী কয়েকদিন ওয়ার্ম নাইট বজায় থাকবে। অর্থাৎ সূর্যাস্তের পরেও গুমোট গরম থেকে মুক্তি নেই। বিশেষ করে ওড়িশায় ২২ এপ্রিল পর্যন্ত রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি থাকবে। দিনের পাশাপাশি রাতেও ব্যাপক উষ্ণতা থাকবে বলে বলা হয়েছে।

    উপকূলবর্তী রাজ্যগুলির পরিস্থিতিও বেশ সঙ্গিন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৬ এপ্রিল পর্যন্ত চরম আর্দ্রতা ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। একই দশা হবে তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায়। গুজরাটের উপকূলে আগামী ২৪ ও ২৫ এপ্রিল ভ্যাপসা গরমে নাজেহাল হবে মানুষ। ঘাম আর গরমের জোড়া ফলায় নাভিশ্বাস উঠবে বঙ্গবাসীর।

    তবে এই দাবদাহের মাঝেই প্রকৃতির কিছুটা খামখেয়ালিপনা দেখা দেবে। সোম ও মঙ্গলবার দক্ষিণ, মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে মাঝারি থেকে তীব্র বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্র, মারাঠওয়াড়া এবং ছত্তিশগড়ের কিছু এলাকায় শিলাবৃষ্টি বা কালবৈশাখীর ঝাপটা আছড়ে পড়তে পারে। তবে এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী তাপমাত্রা কমার কোনও আশ্বাস নেই।

    সামগ্রিকভাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত গোটা দেশেই তাপপ্রবাহ চলবে। চিকিৎসকরা এই সময়ে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কড়া রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। বেশি করে জল পান এবং হালকা সুতির পোশাক পরে বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু ও প্রবীণদের এই চরম গরমে বাড়তি নজর দিতে হবে। আবহাওয়া দপ্তরের এই হাই-অ্যালার্টে এখন কপালে চিন্তার ভাঁজ দেশবাসীর।

     
  • Link to this news (আজ তক)