গোসাবার শম্ভুনগরে তৃণমূল কর্মীকে গুলি, গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী
দৈনিক স্টেটসম্যান | ২১ এপ্রিল ২০২৬
দক্ষিণ ২৪ পরগনার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। রবিবার রাতে দলীয় বৈঠক সেরে ফেরার পথে এই হামলার শিকার হন দিব্যেন্দু গায়েন নামে এক তৃণমূল কর্মী। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে বুথ সভাপতি পলাশ মণ্ডলের বাইকের পিছনে বসে বাড়ি ফিরছিলেন দিব্যেন্দু। ভূপেন্দ্রপুর এলাকায় পৌঁছতেই চার থেকে পাঁচজন দুষ্কৃতী তাঁদের পথ আটকে দেয়। আচমকাই দিব্যেন্দুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পায়ে গুলি লাগতেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শী পলাশ মণ্ডলের দাবি, হামলাকারীদের মধ্যে ভোলা প্রামাণিক নামে এক বিজেপি কর্মী ছিলেন। এই ঘটনার পর গোসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় নিজেদের দুর্বল অবস্থান ঢাকতেই বিরোধীরা দুষ্কৃতীদের দিয়ে হামলা চালাচ্ছে। অন্যদিকে বিজেপির তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
এলাকায় বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।