সন্তানের কঠিন অসুখে চরম সিদ্ধান্ত! হরিয়ানায় বাড়িতেই ৩ বছরের শিশু, মা-বাবার ঝুলন্ত দেহ উদ্ধার
প্রতিদিন | ২১ এপ্রিল ২০২৬
৩ বছরের সন্তান কঠিন অসুখে ভুগছিল। হাজারও চিকিৎসার পরেও সুস্থ করা যাচ্ছিল না তাকে। তীব্র বেদনায় অবসাদগ্রস্ত হয়ে পড়েন দম্পতি। শেষ পর্যন্ত চরম পরিণতি হল। সোমবার হরিয়ানার (Haryana) কুরুক্ষেত্র জেলার প্রেম নগর কলোনি থেকে উদ্ধার হল স্বামী, স্ত্রী ও তিন বছরের শিশুর ঝুলন্ত দেহ। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেটিকে খতিয়ে দেখছে পুলিশ।
এদিন ভোর সাড়ে ছ’টা নাগাদ প্রতিবেশীরা পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুভাষ মান্ডি থানার পুলিশকর্মীরা। এর পর উদ্ধার করা হয় ৩০ বছরের জতিন্দর কুমার, ২৮ বছরের মঞ্জু এবং তাদের ৩ বছরের সন্তান অদ্বিকার ঝুলন্ত নিথর দেহ। মৃত যুবক রেলের ডাক বিভাগে কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, জতিন্দরের বাবা অবসরপ্রাপ্ত আধিকারিক মহিন্দ্রা সিং মাস ছয়েক আগে মারা যান। বাড়িতে এই মুহূর্তে একমাত্র জীবিত সদস্য জতিন্দরের মা বিমলা দেবী। মৃত যুবকের ভাই প্রতীক পরিবার-সহ কানাডায় থাকেন।
কৃষ্ণ গেট থানার আধিকারিক বলজিৎ সিং জানান, দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা ঘর থেকে একটি সুইসাইড নোট পেয়েছি। সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, সন্তানের অসুখের কারণেই জতিন্দর গণআত্মহত্যার সিদ্ধান্ত নেন।