• ‘ট্রাবল মেকার্স’ তালিকায় রয়েছে নাম! ভোটের মুখে গ্রেপ্তারির আশঙ্কা উদয়নের
    প্রতিদিন | ২১ এপ্রিল ২০২৬
  • তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ককে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ (Udayan Guha)। আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) প্রাক্কালে এই নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। গ্রেপ্তারির আশঙ্কা করে মহকুমাশাসকের দ্বারস্থ হয়েছেন এই তৃণমূল নেতা। ভোটের আগে এলাকা থেকে দূরে রাখতেই এই ছক কষা হয়েছে বলে দাবি তাঁর।

    সোমবার সাংবাদ মাধ্যমে উদয়ন অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় এজেন্সিগুলি পরিকল্পিতভাবে শাসকদলের নেতা-কর্মীদের মনোবল ভাঙতে এই পদক্ষেপ নিচ্ছে। তৃণমূল নেতা উদয়ন গুহের দাবি অনুযায়ী, একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ট্রাবল মেকার্স’ তালিকায় তৃণমূলের ১০ জন বিধায়কের নাম রয়েছে। অর্থাৎ তৃণমূলের কোন কোন বিধায়ক নির্বাচনের সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রথম দফার নির্বাচনের আগে এরকম ১০ জনের নাম তালিকায় রয়েছে। এই তালিকায় কোচবিহার থেকে পরেশ অধিকারী এবং উদয়ন গুহর নাম থাকায় জেলা রাজনীতিতে শোরগোল পড়েছে। উদয়নের দাবি, ভোটের দিন বা তার আগে তৃণমূলের সক্রিয় বিধায়কদের গৃহবন্দি বা গ্রেপ্তার করে এলাকা থেকে দূরে রাখার ছক কষা হচ্ছে। বিধায়করা যাতে সাধারণ কর্মী ও ভোটারদের সঙ্গে দেখা করতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই তালিকা তৈরি করা হয়েছে।

    এই তালিকার বিরুদ্ধে এবং সম্ভাব্য গ্রেপ্তারি এড়াতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। সোমবার দেখা গিয়েছে, উদয়ন গুহ গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করে দিনহাটা মহকুমাশাসকের করণে এসে মহকুমাশাসকের সঙ্গে দেখা করেন। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে বাড়ি বাড়ি মহিলাদের মধ্যে মাতৃশক্তি কার্ড বিলি করছে বিজেপি। এই নিয়েও মহকুমাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)