• প্রথম দফার ভোটে কোন কোন জেলা অতি স্পর্শকাতর? কী জানাল কমিশন
    প্রতিদিন | ২১ এপ্রিল ২০২৬
  • প্রথম দফার ভোটে নির্বাচন কমিশনের বিশেষ নজরে এখনও পর্যন্ত রাজ্যের ছয় জেলা। সেগুলি ইতিমধ্যেই অতি স্পর্শকাতর এবং অতি সংবেদনশীল বলে চিহ্নিত হয়েছে। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং উত্তর দিনাজপুর এখনও পর্যন্ত এই ছটি জেলাকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রেই এই খবর মিলেছে। বাংলার ভোটের শেষ ১৫ বছরের ইতিহাস ঘেঁটেছেন কমিশনের আধকারিকরা। এবার কোনওরকম বিবাদ, হিংসামুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। সেজন্যই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।

    যাতে কোনওরকম বিন্দুমাত্র অশান্তি না হয়, সেজন্য নির্বাচন কমিশন এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে বলেই খবর। একদিকে অতি স্পর্শকাতর, অন্যদিকে অতি সংবেদনশীল-এই দুইকে নিয়েই এখন নির্বাচন কমিশনের সব থেকে বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর বিগত দিনে এই ছয় জেলায় নির্বাচনের দিন যেসব ঘটনা ঘটেছে, এবার সেসব আটকাতে নির্বাচন কমিশন এবার অভূতপূর্ব পদক্ষেপের পথে হাঁটছে। পাশাপাশি প্রথম দফা নির্বাচনের আগে যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে যেসব বিশৃঙ্খলাকারী মানুষরা আছেন, তাঁদেরকে আটক করতে হবে বলেই ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের। নির্বাচন কমিশন সূত্রে এই বার্তা গিয়েছে।

    এবার অনেক আগে থেকেই নির্বাচন কমিশন বলে আসছে, যে কোনও মূল্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সম্পূর্ণ রক্তপাতহীন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা হবে। এবার সেই পথেই নির্বাচন কমিশন আরও এক পা এগিয়ে গেল। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার আদপে নির্বাচন কমিশন নিজেদের লক্ষ্যপূরণে কতটা সমর্থ হয়।
  • Link to this news (প্রতিদিন)