• স্লিপ না মিললেও চিন্তা নেই ভোটারদের, নয়া উদ্যোগ শিলিগুড়িতে
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • ভোটের দু-তিন দিন আগেই বাড়ি বাড়ি পৌঁছে যায় ভোটার স্লিপ। সেই স্লিপেই ভোটারের নাম, এপিক নম্বর, ভোট কেন্দ্র, বুথ নম্বর সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া থাকে। ভোটারদের সুবিধার জন্য এই প্রথা বহুদিনের। তবে এ বার স্লিপ না পেলেও অসুবিধা নেই। নিজের বিধানসভা কেন্দ্রের ভোটারদের জন্য নয়া উদ্যোগ নিলেন শিলিগুড়ির কংগ্রেস প্রার্থী অলোক ধারা। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি নতুন ওয়েবসাইট চালু করা হলো ভোটারদের জন্য।

    সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের আহ্বানে বিভিন্ন দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। সেখানে নাগরিকদের কাছে নিজেদের বিগত দিনের রাজনৈতিক অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি ভোট দেওয়ার আবেদন জানান প্রার্থীরা। বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী (জয়), কংগ্রেস প্রার্থী অলোক, বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এ দিন ক্লাবে আসেন। সেখানেই নিজের বক্তব্য রাখার মাঝে এই ওয়েবসাইট তৈরির বিষয়টি জানান অলোক।

    কংগ্রেস প্রার্থী বলেন, ‘ওয়েবসাইটি শুধুমাত্র শিলিগুড়ি বিধানসভা এলাকার জন্যই তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই সময় মতো ভোটারদের হাতে স্লিপ গিয়ে পৌঁছয় না। ভোটারদের বাড়িতে না থাকা, বিএলও'দের ভোটারদের বাড়ি খুঁজে না পাওয়ার মতো ঘটনা ঘটলেই সমস্যা দেখা দেয়। সেই কারণে এই ওয়েবসাইটটির মাধ্যমে রাজনৈতিক কর্মী ও নির্বাচন কমিশন সকলেরই সুবিধা হতে পারে।’ একটি এটি বেসরকারি সংস্থাকে দিয়ে এই ওয়েবসাইট তৈরি করানো হয়েছে বলে দাবি অলোকের।

    উল্লেখ্য, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে এ বার চতুর্মুখী লড়াই। এই কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী গৌতম দেব, বিজেপি প্রার্থী বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ, বামফ্রন্ট মনোনীত প্রার্থী শরদিন্দু চক্রবর্তী (জয়)এবং কংগ্রেস প্রার্থী অলোক ধারা।

  • Link to this news (এই সময়)