• ভোটের ডিউটিতে গাফিলতি, ভবানীপুরে তিন আধিকারিককে সাসপেন্ড করল কমিশন
    এই সময় | ২১ এপ্রিল ২০২৬
  • ভোটের ডিউটিতে গাফিলতির অভিযোগে ভবানীপুর কেন্দ্রের তিন জন আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এলডিসি সত্যরঞ্জন পাল, দুর্গাবালা দত্ত গার্লস স্কুলের শিক্ষক সৌভিক নন্দী এবং স্টেশনারি দপ্তরের ইউডিসি সুরঞ্জন দাস। তিন জনের বিরুদ্ধেই দায়িত্বে গাফিলতি ও নিয়ম না মানার অভিযোগ আনা হয়েছে।

    অভিযোগ, গত ১৭ এপ্রিল রাতের শিফটে ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে ছিলেন ওই তিন আধিকারিক। কেন্দ্রীয় পর্যবেক্ষক ডি. রঞ্জিত কুমার আকস্মিক পরিদর্শনে এসে দেখেন, তাঁরা ভবানীপুর থানার কাছে বসে রয়েছেন। রাত সাড়ে দশটা থেকে ১১টার মধ্যে পরিদর্শনের সময় কোনও কাজের রেকর্ড বা নথিও দেখাতে পারেননি তাঁরা। জেলা নির্বাচন আধিকারিক সংশ্লিষ্ট দপ্তরগুলিকে অবিলম্বে তাঁদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ২১ এপ্রিল দুপুর দু’টোর মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

    ২৬-এর নির্বাচনে অন্যতম ‘হাইভোল্টেজ’ আসন ভবানীপুর। তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর হয়ে ইতিমধ্যেই ভবানীপুরে প্রচার করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের রোড শো ঘিরে যে অশান্তির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় চারজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন।

  • Link to this news (এই সময়)