উত্তরপ্রদেশ, গুজরাত ভোটের আগেই মহিলা বিল ফের আনতে চায় মোদি সরকার
বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতির উদ্দেশে ভাষণের শেষার্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রীতিমতো চ্যালেঞ্জের সুরে বিরোধীদের বলেছিলেন, একদিন সময় আসবে। এই মহিলা সংরক্ষণ বিল আমরা সংসদে পাশ করাবই। সংসদে মহিলা সংরক্ষণ বিলকে ডিলিমিটেশনের সঙ্গে সংযুক্ত করে পাশ করানোর চেষ্টার সময় বিরোধীরা চ্যালেঞ্জ ছুড়েছিল যে, এই বিল তারা কিছুতেই পাশ করাতে দেবে না। সেটাই হয়েছে। বিল পাশ করানো যায়নি। ২৪ ঘণ্টার মধ্যেই পালটা চ্যালেঞ্জ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, মহিলা সংরক্ষণ বিল পাশ করানো হবেই। জানা যাচ্ছে মোদির ওই চ্যালেঞ্জ দেওয়ার পরই যুদ্ধকালীন তৎপরতায় সরকার এবং বিজেপির অন্দরে শুরু হয়েছে বিকল্প পন্থা সন্ধান। আগামী বছর উত্তরপ্রদেশ, গুজরাত বিধানসভার ভোট। সেই ভোটের আগেই মহিলা বিলের কোনও একটি নতুন রূপ আবার সংসদে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। কীভাবে মহিলা সংরক্ষণ আইনের সংশোধন করে আইন বাঁচিয়ে আবার সংসদে পেশ ও পাশ করানো সম্ভব হয় তা খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির অন্দরে আইনি কমিটি তৈরি হচ্ছে। কেন্দ্রীয় আইন মন্ত্রক ইতিমধ্যেই বিভিন্ন আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে। সম্প্রতি সমাপ্ত বিশেষ অধিবেশনে সংবিধানের ১৩১ তম সংশোধনী বিল পাশ করাতে ব্যর্থ হওয়ার পর দেশজুড়ে সরকারপক্ষ ও বিজেপি প্রচার শুরু করেছে, বিরোধীদের জন্যই পাশ করানো গেল না মহিলা বিল। তবে এরই মধ্যে মোদি সরকার চেষ্টা করছে অন্য রূপে ফের একটি বিল নিয়ে আসতে।