নির্বাচন পরিচালনায় গাফিলতি দেখলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা, মালদহে বৈঠক করে জানালেন মনোজ
বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও রায়গঞ্জ: জেলাজুড়ে দাগী অপরাধীদের গ্রেপ্তারি চলছে। নির্বাচন পরিচালনায় কর্তব্যে গাফিলতি দেখলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। মালদহ জেলায় পরিদর্শনে এসে সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল।
তিনি এদিন জানিয়েছেন, বিধানসভা ভিত্তিক খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রত্যেকটি বুথের ওয়েব কাস্টিংয়ে এই কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে। যা দেখা যাবে জেলা নির্বাচনি আধিকারিক এবং মুখ্য নির্বাচনি আধিকারিকের কার্যালয় থেকেও। কমিশন সূত্রে খবর, মূলত মাইক্রো অবজারভারদের কাঁধেই কন্ট্রোল রুমের ওয়েবকাস্টিং মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফা বিধানসভা ভোট। তার আগে মুখ্য নির্বাচনি আধিকারিকের জেলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার সকাল ৯টা নাগাদ হেলিকপ্টারে মালদহ পৌঁছন রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক। ১০টা নাগাদ তিনি প্রথমে জেলা প্রশাসনিক কার্যালয়ে আসেন। সেখানেই সর্বদলীয় বৈঠক ডেকে রাজনৈতিক দলগুলির কাছ থেকে নির্বাচন সংক্রান্ত অভাব অভিযোগ শোনেন। এরপর তিনি ডিএম অফিসের কন্ট্রোল রুম ঘুরে দেখেন। জেলা প্রশাসনিক কার্যালয় থেকে বেরিয়ে সিইও যান দুর্গাকিঙ্কর সভাকক্ষে। সেখানে ডিএম, এসপি, পুলিশ ও সাধারণ পর্যবেক্ষক, এডিএম, অ্যাডিশনাল এসপি সহ সমস্ত রিটার্নিং অফিসার, বিডিও, আইসি, ওসিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি বেশকিছু কড়া নির্দেশ দিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এদিন মুখ্য নির্বাচনি আধিকারিক বলেন,রাজ্যজুড়ে দাগী অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ডিএম, এসপি থেকে শুরু করে আইজি, ডিআইজি, এডিজিদের সঙ্গে বৈঠক করা হবে। তারপর জানা যাবে কোন জেলায় কতজন গ্রেপ্তার হয়েছে। কত বাকি আছে।
তিনি জানান, বুথের ১০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। বুথের বাইরে একজন করে কনস্টেবল শুধু ভোটারদের লাইন দেখভাল করবে। রিটার্নিং অফিসারের সার্টিফিকেট থাকলেও নির্বাচন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কেন্দ্রীয় বাহিনীর অনুমতি নিয়ে পোলিং স্টেশনে ঢুকতে হবে। ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম থাকবে। কোথাও অভিযোগ শোনামাত্রই কিউআরটি টিমকে ঘটনাস্থলে পৌঁছতে হবে।
উত্তর দিনাজপুরেও রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন মনোজ কুমার আগরওয়াল। তাঁর স্পষ্ট বার্তা, উত্তর দিনাজপুরেও অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে হবে। তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করতে হবে। এদিন জেলা প্রশাসনের মুখ্য কার্যালয়ে প্রশাসনিক বৈঠকে জেলাশাসক বিবেক কুমার, দুই পুলিশ জেলা রায়গঞ্জ ও ইসলামপুরের সুপার সহ সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, সমস্ত থানার আইসি, মহকুমা শাসক, বিডিওরা উপস্থিত ছিলেন।