সিতাই: ৪০ শতাংশ বুথে এজেন্টই দিতে পারবে না বিজেপি, দাবি তৃণমূল প্রার্থী সঙ্গীতার
বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
রাজীব বর্মন, দেওয়ানহাট: বিজেপির সংগঠন নেই বিধানসভা এলাকায়। তাই এবারের ভোটে সিতাইয়ে ৪০ শতাংশ বুথে এজেন্ট দেওয়ার জন্য লোকেই খুঁজে পাবে না পদ্মপার্টি। ভোটের তিনদিন আগে এমনটাই দাবি সিতাইয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়ের। যদিও তৃণমূল প্রার্থীর ওই দাবিকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী বিজেপি শিবির।
সঙ্গীতা বলেন, এই আসনে গত বিধানসভা উপ নির্বাচনে প্রায় ৯০ শতাংশ বুথে পোলিং এজেন্টই দিতে পারেনি বিজেপি। গত লোকসভা ভোটেও বহু বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি। এবারও একই হাল হবে। বিজেপির সাংগঠনিক শক্তিই নেই। লোক খুঁজে পায়নি বলে গ্রেটারের লোক ভাড়া করে প্রার্থী করেছে। সিতাই বিধানসভায় ৪০ শতাংশ বুথে এজেন্ট দিতেই পারবে না ওরা।
গত লোকসভা নির্বাচনে প্রায় ২৪০টি বুথে এজেন্ট দিয়েছিল বিজেপি। তবে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির সংগঠন দুর্বল থাকায় প্রায় ৬০টি বুথে সেই সময় এজেন্ট দিতে পারেনি পদ্ম শিবির। তার উপর লোকসভা ভোটে বিজেপির প্রার্থী এই বিধানসভায় ২৮ হাজার ভোটে পিছিয়ে ছিল। কোচবিহার লোকসভা আসনে পদ্ম প্রার্থী হেরে যাওয়ার পর গোটা জেলার পাশাপাশি সিতাই বিধানসভাতেও গেরুয়া শিবিরে ধ্বস নামে। ফলে বিধানসভা উপনির্বাচনের সব বুথে পোলিং এজেন্ট দেওয়া যে সম্ভব নয়, তা আগেই আঁচ করতে পেরেছিলেন বিজেপির জেলা নেতারা। এবার বিধানসভা ভোটও বিরোধী গেরুয়া শিবির ৪০ শতাংশ বুথে এজেন্ট দিতে পারবেন না বলে দাবি তৃণমূলের।
বিজেপির প্রার্থী আশুতোষ বর্মা বলেন, তৃণমূল যাই বলুক না কেন, আমাদের সব বুথেই এজেন্ট থাকবে। ভোটের আগে এসব কথা বলে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে ওরা। মানুষ এবার তৃণমূলকে সরিয়ে দিতে ঐক্যবদ্ধ। এবার ভোটে হারবেন বুঝেই এসব অনর্থক কথা বলছেন তৃণমূল প্রার্থী।