• বারাসতে ছেঁড়া হল তৃণমূলের পতাকা, দেগঙ্গায় বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডে বিতর্ক
    বর্তমান | ২১ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেগঙ্গা থেকে বারাসত। ভোটের মুখে উত্তর ২৪ পরগনায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রবিবার রাতে তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়াকে ঘিরে বিতর্ক। সেইসঙ্গে দেগঙ্গায় বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। 

    বারাসত পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় পতাকা ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায়। সোমবার সকালে এলাকায় এসে তারা ছেঁড়া পতাকা ড্রেনে পড়ে থাকতে দেখেন। ঘটনায় সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। 

    অন্যদিকে, বিজেপি নেতৃত্ব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, ঘটনার সঙ্গে তাদের যোগ নেই। বরং তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি তাদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে, দেগঙ্গা বিধানসভার বেড়াচাঁপায় বিজেপি কর্মী সহদেব ভৌমিকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বাড়ির নীচতলায় একটি ঘরে আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে শনিবার রাতে। স্থানীয়দের চিৎকারে উপরতলা থেকে নেমে এসে সহদেব দেখেন তাঁর দাদার ঘর আগুনে পুড়ছে। আহত অবস্থায় দাদাকে উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘর পুড়ে ছাই হয়ে যায়। সহদেবের দাবি, এটি পরিকল্পিত হামলা। সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। তৃণমূল প্রার্থী আনিসুর রহমান বলেন, অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তৃণমূলের সংস্কৃতি এমনটা নয়। দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সহদেব ভৌমিক। তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)